গাইবান্ধায় শিশু ও কিশোরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার দুই উপজেলায় পৃথক দুই ঘটনায় শিশু ও এক কিশোরী গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সুন্দরগঞ্জ উপজেলা থেকে সুমাইয়া আকতার (৪) ও গোবিন্দগঞ্জ উপজেলা থেকে শারমিন বেগম (১৭) নামের ওই দুজনের লাশ উদ্ধার করা হয়। 

সুন্দরগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ইউনিয়নের নিজামখাঁ গ্রামের একটি পুকুর থেকে সুমাইয়ার লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল শিশুটি। সকালে স্থানীয় লোকজন ওই গ্রামের একটি পুকুরে সুমাইয়ার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচি রেহেনা বেগমকে আটক করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার পেপুলিয়া গ্রামের রেজওয়ান হোসেনের সঙ্গে পাঁচ মাস আগে বিয়ে হয় শিবগঞ্জ উপজেলার কাচারিপাড়া গ্রামের শারমিনের। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ চলছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে রেজওয়ান শারমিনকে মারধর করেন। অসুস্থ শারমিন ভোররাতে মারা যান। শুক্রবার সকালে শারমিনের লাশ দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে।