গাইবান্ধায় সাঁওতালদের লুট হওয়া ঢেউটিন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে সোমবার সাঁওতালদের লুট হওয়া প্রায় সাত বান্ডিল ঢেউটিন উদ্ধার করে পিবিআই। ছবি: প্রথম আলো
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে সোমবার সাঁওতালদের লুট হওয়া প্রায় সাত বান্ডিল ঢেউটিন উদ্ধার করে পিবিআই। ছবি: প্রথম আলো

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আজ সোমবার সাঁওতালদের লুট হওয়া প্রায় সাত বান্ডিল ঢেউটিন উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গাইবান্ধা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক আজ সন্ধ্যায় বলেন, ‘গত বছরের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের জমিতে তোলা সাঁওতালদের ঘরে আগুন, লুটপাট ও হামলার ঘটনা ঘটে। সে সময় লুটপাট হওয়া সাঁওতালদের ঘরের ঢেউটিন আজ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, গত বছরের ১৪ ডিসেম্বর সাঁওতালদের ঘরে আগুন, লুটপাট ও হামলার ঘটনা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেকে পিবিআই ঘটনাটি তদন্ত করছে।

গাইবান্ধা পিবিআই কার্যালয় সূত্র জানায়, আজ সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত সাপমারা ইউনিয়নের কাটামোড়, কামারপাড়া ও কটিয়ারপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ওই তিনটি গ্রাম থেকে প্রায় সাত বান্ডিল ঢেউটিন উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

গত বছরের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে নয়জন তিরবিদ্ধ এবং গুলিবিদ্ধ হন চারজন। এ ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন।