গাইবান্ধায় ১১টি স্থানে চলছে হাউজি ও জুয়া
গাইবান্ধার চারটি উপজেলার ১১টি স্থানে হাউজি ও জুয়া খেলা চলছে। এসব স্থানের কোথাও কোথাও অশ্লীল নাচের আসরও বসানো হয়েছে। পুলিশকে রোজ মোটা অঙ্কের টাকা দিয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও পেশাদার জুয়াড়িরা এসব চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জুয়া খেলে এলাকার অনেক সাধারণ মানুষও নিঃস্ব হচ্ছে। জুয়া খেলার জন্য অনেক তরুণ, যুবক চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে বলে অনেকে অভিযোগ করেছেন। তবে ১৮ অক্টোবর দুটি জুয়ার মঞ্চ পুড়িয়ে দিয়েছে প্রশাসন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাউজি ও জুয়া খেলার স্থানগুলো হচ্ছে: গোবিন্দগঞ্জের বালুয়া, পলাশবাড়ির ঢোলভাঙ্গা, মনোহরপুর বিরামের ভিটা, কাশিয়াবাড়ি সুলতানপুর ঘাট, হোসেনপুর কদমতলী, কোমরপুর, সুন্দরগঞ্জের খোর্দা আশ্রয়ণ প্রকল্পের জায়গায়, জিগাবাড়ির চর, সাদুল্যাপুরের ধাপেরহাট আলীনগর, মীরপুর মাদারগঞ্জ ও খোর্দ্দ রুহিয়া। এর মধ্যে গত শনিবার সুন্দরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হক প্রধানের নেতৃত্বে খোর্দা আশ্রয়ণ প্রকল্পের জায়গা থেকে দুটি জুয়ার মঞ্চ পুড়িয়ে দেওয়া হয়। এক মাস ধরে এই জুয়া চালাচ্ছিলেন মতিয়ার রহমান।
১৭ ও ১৮ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের পাশেই ঢোলভাঙ্গা সেতুর কাছে ফাঁকা জমিতে বিশাল হাউজি মঞ্চ। সেখানে ১০ দিন ধরে সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত ফর, ডাব্বু খেলা ও হাউজি চালাচ্ছেন স্থানীয় জুয়াড়ি আবদুল হালিম, মমিনুল ইসলাম ও নবাব আলী। এ সময় ঢোলভাঙ্গা গ্রামের ব্যবসায়ী রেজাউল করিম জানান, জুয়ার টাকা সংগ্রহ করতে উঠতি বয়সের যুবকেরা চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে হালিম, মমিনুল ও নবাব আলী জানান, মানুষের বিনোদনের জন্য এসব চালানো হচ্ছে। তবে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বখরা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
গোবিন্দগঞ্জের বালুয়া এলাকায় নয় দিন ধরে ডাব্বু, ওয়ানটেল, ঘিন্নি খেলা ও একাধিক মঞ্চে হাউজি চালাচ্ছেন আওয়ামী লীগের স্থানীয় কর্মী এবং হাট ইজারাদার আতিকুর রহমান ও মাসুদ রানা। তবে আতিকুর ও মাসুদ রানা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। থানার ওসি জাহিদুল ইসলাম জানান, জুয়া বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাদুল্যাপুরের ধাপেরহাট আলীনগর এলাকায় আড়াই মাস ধরে স্থানীয় জুয়াড়ি জিরো মিয়া, মো. ইয়াসিন ও হাজের আলী এবং খোর্দ্দ রুহিয়া গ্রামে সাইদার রহমান ডাব্বু খেলা চালাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক আয়োজক জানান, খেলা চালানোর জন্য পুলিশকে দৈনিক ১০ হাজার টাকা বখরা দিতে হয়। তবে ওসি জিয়া লতিফুল ইসলাম বখরা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গোপনে খেলা চলতে পারে। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’