গাইবান্ধায় 'জঙ্গি আস্তানা' মেলেনি, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জের দুর্গম চরাঞ্চলে অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: প্রথম আলো
গাইবান্ধার সুন্দরগঞ্জের দুর্গম চরাঞ্চলে অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: প্রথম আলো

জঙ্গি আস্তানার খোঁজে ‘ব্লক রেইড’ দিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শেষ হয়েছে। সাড়ে ছয় ঘণ্টার অভিযানে কোনো ‘জঙ্গি আস্তানার’ খোঁজ মেলেনি। তবে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত তিনটা থেকে এই অভিযান শুরু হয়। সকাল সাড়ে নয়টার দিকে অভিযান শেষ হয়। কাউন্টার টেররিজম ইউনিট, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), জেলা পুলিশ ও সুন্দরগঞ্জ থানা-পুলিশের প্রায় ৬০ জন সদস্য এই অভিযানে অংশ নেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ছয় ব্যক্তির মধ্যে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি আছেন। আছেন জুয়াড়ি।

সূত্র জানায়, সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা ও হরিপুর ইউনিয়নের চরগুলোতে অভিযান চালানো হচ্ছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।

অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কোনো জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়নি। তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার, নৌডাকাতি প্রতিরোধ, জঙ্গিদের তৎপরতা ও নাশকতা প্রতিরোধ এবং মানুষকে সচেতন করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান রিংকু সকালে মুঠোফোনে বলেন, ‘রাত তিনটার দিকে আমাদের এই অভিযান শুরু হয়। উপজেলার দুর্গম চরাঞ্চলে অভিযান চালানো হয়। সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত, চিহ্নিত জুয়াড়িসহ মোট ছয়জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে গত বুধবার গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নের কয়েকটি চরে অভিযান চালিয়ে এক ডাকাতকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বৃহস্পতিবার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি, ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নে অভিযান চলে। গতকালের আরেক অভিযানে সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই পায়নি।