গাইবান্ধায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে সন্দেহভাজন জেএমবির সদস্যদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের ভাষ্য, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা সংঘবদ্ধ হচ্ছে বলে খবর পাওয়া যায়। এর ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে জেএমবির সদস্যরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে একজনের লাশ পাওয়া যায়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।