নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচরের ছয়টি সড়কের পাশ থেকে কেটে ফেলা গাছ গতকাল বুধবার পর্যন্ত অপসারণ করা হয়নি। এ ছাড়া সড়কের কেটে ফেলা অংশগুলোও সংস্কার করা হয়নি। এতে এলাকার বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
গত সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা হাতিয়ার বয়ারচরের ছয়টি সড়কের বিভিন্ন অংশ কেটে দেয় এবং বন বিভাগের শতাধিক গাছ কেটে ফেলে। স্থানীয় সূত্রমতে, সীমানা নিয়ে বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রামগতির চরগাজী ইউনিয়নের বাসিন্দারা এই ঘটনা ঘটিয়েছে।
নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আমির হোসাইন চৌধুরী প্রথম আলোকে বলেন, গাছ কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে বন বিভাগ। তিনি জানান, সোমবার রাতে বয়ারচরের ছয়টি সড়কের পাশ থেকে ১০৩টি গাছ কাটা হয়েছে।
কেটে ফেলা গাছ অপসারণ প্রসঙ্গে আমির হোসাইন চৌধুরী বলেন, কেটে ফেলা গাছগুলো গতকাল অপসারণ করা হয়েছে বলে হাবিবিয়া রেঞ্জের কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী তাঁকে জানিয়েছেন।
তবে হরণী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা মুশফিকুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, দুর্বৃত্তদের কাটা বন বিভাগের কিছু গাছ গতকাল সড়ক থেকে অপসারণ করা হলেও অনেক গাছ এখনো রয়ে গেছে। তিনি জানান, দুর্বৃত্তদের কেটে ফেলা সড়কগুলো সংস্কার করা হয়নি। এতে সড়ক দিয়ে চলাচলকারী লোকজন চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, কাটা ছয়টি সড়কের পাঁচটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। একটি পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. মঈন উদ্দিন বলেন, কেটে ফেলা সড়কগুলো স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের লোকজন পরিদর্শন করেছেন। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হলে সড়ক সংস্কার করা হবে।
চরগাজী ইউনিয়নের বাসিন্দারা গত ১৭ অক্টোবর ও ৬ জানুয়ারি বয়ারচরের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাধা দেয় এবং পুলিশের ওপর হামলা চালায়। চরগাজী ইউনিয়নের বাসিন্দারা বয়ারচরের টাংকির বাজার ও আশপাশের কিছু এলাকা তাদের এলাকায় পড়েছে বলে দাবি করে আসছে।