গাছ কাটতে বাধা দেওয়ায় হামলা, আহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে সংরক্ষিত বনের গাছ কাটতে বাধা দেওয়ায় গতকাল বুধবার বন বিভাগের লোকজনের ওপর হামলা চালানো হয়েছে। এতে বন বিভাগের বিট কর্মকর্তাসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।
বন বিভাগের নিঝুম দ্বীপ বিটের কর্মকর্তা নূর আলম প্রথম আলোকে বলেন, গতকাল সকালে তাঁরা খবর পান দ্বীপের বউবাজার (আল-আমিন বাজার) এলাকায় একদল লোক সংরক্ষিত বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে। বেলা ১১টার দিকে জাহাজমারা রেঞ্জের কর্মকর্তা ফিরোজ আলম চৌধুরীর নেতৃত্বে তাঁরা ওই এলাকায় গিয়ে গাছ কাটায় বাধা দেন। এর কিছুক্ষণের মধ্যে ৫০-৬০ জন ব্যক্তি লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়। এতে তিনিসহ বন বিভাগের কমপক্ষে ১৪ জন আহত হন। তিনিসহ সাতজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
হাসপাতালে ভর্তি হওয়া অন্য ছয়জন হলেন ফরেস্টার নুরুল্লা চৌধুরী, বনপ্রহরী আবু মুছা খান, আশরাফুল মোমিন, জিয়াউর রহমান, আলমগীর হোসেন ও মো. দুদু মিয়া। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
হাতিয়া থানার ওসি গোলাম ফারুক বলেন, এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।