গাছ কাটতে বাধা দেওয়ায় হামলা আহত ৩
নোয়াখালীর কবিরহাটে গাছ কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় দুই সালিসকারীসহ তিনজন আহত হয়েছেন। উপজেলার সোন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন প্রিয়নাথ দেবনাথ (৬০), সালিসকারী সৈয়দ আহম্মদ (৫৫) ও মোহাম্মদ মোস্তফা (৪৫)। তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত প্রিয়নাথ দেবনাথ অভিযোগ করে বলেন, পৈতৃক সম্পত্তি নিয়ে একই এলাকার আজিজ উল্লাহর সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের বিরোধ চলছে। গতকাল সকাল আটটার দিকে আজিজ উল্লাহ শ্রমিক দিয়ে বিরোধপূর্ণ জায়গার গাছ কাটা শুরু করেন। তিনি বিষয়টি স্থানীয় দুই সালিসকারী সৈয়দ আহম্মদ ও মোহাম্মদ মোস্তফাকে জানান। তাঁরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের গাছ কাটতে নিষেধ করেন।
এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আজিজ উল্লাহর লোকজন হঠাৎ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় আশপাশের লোকজন চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
তবে হামলার অভিযোগের বিষয়ে আজিজ উল্লাহর মুঠোফোনে ফোন করলেও তিনি ফোন ধরেননি।
এ ব্যাপারে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, হামলার বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।