গাছ কাটা নিয়ে প্রধান শিক্ষকের ওপর হামলা, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের আবদাল হোসেন উচ্চবিদ্যালয়ে গতকাল বুধবার গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সাত শিক্ষার্থী আহত হয়েছেন। কয়েকজন নারী শিক্ষককেও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
হামলায় আহত হয়েছেন প্রধান শিক্ষক দুলাল হোসেন, বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মামুন, দশম শ্রেণির পুলক, নবম শ্রেণির সোহেল, আতিকুজ্জামান, হাফিজুর, মিলন ও ষষ্ঠ শ্রেণির রিয়াদ। এদিকে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।
ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ওই বিদ্যালয়ে একটি নতুন ভবনের টিনশেড ঘর তৈরির কাজ চলছিল। ঘরের ওপর স্থানীয় শাফিউল ইসলামের একটি গাছের ডাল হেলে পড়ায় তাতে টিন বসাতে পারছিলেন না মিস্ত্রিরা। ফলে ঘরের ওপর ঝুলে থাকা একটি গাছের ডাল কেটে ফেলে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে দুপুরে প্রধান শিক্ষক দুলালের সঙ্গে শাফিউলের কথা-কাটাকাটির ঘটনাটি মীমাংসাও হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার সুশীল কুমার সেনের নেতৃত্বে ১৪-১৫ জন যুবক প্রধান শিক্ষক দুলালের ওপর হামলা চালান। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকসহ ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়ে উঠলে তাঁরা সটকে পড়েন।
পরে সুশীলের বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি বিদ্যালয়ের অদূরে সফিরহাট বাজারে এলে সেখানে সুশীলের নেতৃত্বে স্থানীয় কয়েকজন যুবক শিক্ষক ও ছাত্রদের ওপর হামলা চালান। এতে ওই সাত শিক্ষার্থী আহত হয়। এ সময় কয়েকজন নারী শিক্ষককেও লাঞ্ছিত করা হয়। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুসা আলী বলেন, আহত শিক্ষার্থীদের মধ্যে মিলন নামের এক ছাত্রকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রধান শিক্ষকের হাতে চোট লাগায় তা এক্স-রে করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক দুলাল বলেন, ‘ছোট্ট একটি বিষয় নিয়ে সুশীল ও তাঁর সহযোগীরা আমাকেসহ ছাত্রদের পিটিয়েছে। শুধু তাই নয়, স্কুলের নারী শিক্ষকদেরও তারা লাঞ্ছিত করেছে।’ ঘটনার পর থেকে সুশীল এলাকায় নেই। এ কারণে এ ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।