গাছ কাটা নিয়ে বিরোধে খুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গাছ কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুস ছবুর (৪০) নামের একজন নিহত হয়েছেন। এ সময় মো. সেলিম (৪৫) নামের আরেক ব্যক্তি গুরুতর আহত হন। গত রোববার রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের পশ্চিম বড়দুয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।
আবদুস ছবুর বাজালিয়ার পশ্চিম বড়দুয়ারা এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। তিনি পেশায় ট্রাক চালকের সহকারী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বড়দুয়ারা এলাকায় বন বিভাগের জায়গা দখল করে আবদুস ছবুরের বড় বোন মমতাজ বেগম ও উত্তর বাজালিয়ার আবদুল গফুর গাছের বাগান করেন। ওই বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে দুজনের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে ছবুরকে মারধর ও ছুরিকাঘাত করার ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন মো. সেলিম নামের এক ব্যক্তিকে ধরে মারধর করে।
বাজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাপস কান্তি দত্ত বলেন, ছুরিকাঘাতে গুরুতর আহত আবদুস ছবুরকে কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন প্রথম আলোকে বলেন, মূলত গাছ কাটার বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কাজ চলছে।