গাছ কাটায় অনিয়ম, আ.লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ
ভোলা সদর উপজেলার বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে লাগানো চডারমাথা এলাকার গাছ কাটায় অনিয়ম হচ্ছে। গাছের অংশীদার পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ইউনিয়ন পরিষদ (ইউপি) ও সড়ক বিভাগ এ অভিযোগ করেছে।
বন বিভাগ এবং সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় গঠিত একতা সংঘ সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা গাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, বন বিভাগের শ্রমিক ও একতা সংঘের সভাপতি সামসুদ্দিন পণ্ডিত গাছগুলো কাটছেন। একদিকে গাছ কাটা হচ্ছে, অন্যদিকে নদীতে মহাসড়কটি ভেঙে যাচ্ছে। ফলে গাছ কাটার কোনো চিহ্ন থাকছে না। পরে গত সোমবার ঘুরে দেখা যায়, গাছ কাটা এখনো চলছে। ৩০০টি গাছ কাটার জন্য চিহ্নিত করা হয়েছিল। এর মধ্যে ৫০-৬০টি গাছ কাটা বাকি আছে।
ঘটনাস্থলে উপস্থিত বন বিভাগের প্রহরী রেজাউল ইসলাম বলেন, ২১০টি গাছ কাটার জন্য চিহ্নিত হয়েছে। পরে আরেকবার বলেন, ২৮০টি গাছ চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া সড়ক বিভাগের এক লোক ছয়টি ও স্থানীয় লোকজন ৮০টি গাছ নিয়ে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে সমিতির কয়েকজন সদস্য অভিযোগ করেন, সদর উপজেলার দক্ষিণ রাজাপুরের গাজীপুর থেকে চডারমাথা পর্যন্ত মহাসড়কের দুই পাশে প্রায় ৪০০-৪৫০ গাছ ছিল। গাছগুলো সমিতির সভাপতি সামসুদ্দিন পণ্ডিত তাঁদের না জানিয়ে কেটে ফেলছেন।
সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, পাউবোর বাঁধের ওপর বন বিভাগ ও সমিতি গাছ রোপণ করেছে। সেখানে তাঁদের অংশ আছে। কিন্তু বন বিভাগ কতগুলো গাছ কাটার জন্য চিহ্নিত করেছে, কতগুলো কেটেছে কিছুই জানায়নি। একই অভিযোগ করেন রাজাপুর ইউপির চেয়ারম্যান রেজাউল হক।
রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সামাজিক বনায়নের একতা সংঘের সভাপতি সামসুদ্দিন পণ্ডিত বলেন, কতগুলো গাছ কাটা হবে, কতগুলো কাটা হয়েছে, তা তিনি কিছুই জানেন না। তিনি যখন সামনে ছিলেন, তখন গাছগুলো গুনেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কিছু মনে থাকে না।’
সড়ক বিভাগের ভোলার নির্বাহী প্রকৌশলী শাহীন সরকার বলেন, ‘বন বিভাগের কাছে কোনো গাছ আনার প্রশ্নই আসে না। সামাজিক বনায়নের গাছ কাটার যে কমিটি আছে, সেখানে তাঁরাও সদস্য। কিন্তু তাঁদের কোনো সিদ্ধান্তের কথা ও সভার কথা জানানো হয়নি। আর সিদ্ধান্ত ছাড়া গাছ কাটা যায় না।’
উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ রুহুল আমি বলেন, একতা সংঘ সমিতির সভাপতির আবেদনের ভিত্তিতে গাছগুলো কাটা হচ্ছে। গাছগুলো মূলত ভাঙনের মুখ থেকে সরানো হচ্ছে। পরে দরপত্র ডেকে বিক্রি করা হবে। যদি কোনো অনিয়ম প্রমাণিত হয়, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।