গাছ কাটায় নদী গবেষণার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে গাছ কাটার দায়ে ওই প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া তাঁদের আর্থিক জরিমানাও করা হয়। গতকাল মঙ্গলবার এ আদেশ কার্যকর করা হয়েছে।

তিন কর্মকর্তা হলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা দিবাকর চাকমা, নিরাপত্তা কর্মকর্তা মো. আলমগীর শেখ ও এস্টিমেটর জাকির হোসেন খান। দিবাকর চাকমাকে সাত লাখ ৮৭ হাজার ৪৪৭ টাকা, আলমগীর শেখকে তিন লাখ ১৪ হাজার ৯৭৮ টাকা এবং জাকির হোসেন খানকে চার লাখ ৭২ হাজার ৪৬৮ টাকা জরিমানা করা হয়েছে।

২০১৪ সালের ঝড়ে পড়া, মরা ও উই পোকায় আক্রান্ত ১৬০টি গাছ নিলাম করা হয়। কিন্তু এই কর্মকর্তারা নিলাম বহির্ভূত ৯১টি তাজা গাছ কেটে ফেলার দায়ে দোষী সাব্যস্ত হন। এ ব্যাপারে বিভাগীয় মামলা হয়।

নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আজম খান প্রথম আলোকে বলেন, পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল মঙ্গলবার থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে।

তবে বাধ্যতামূলক অবসরে যাওয়া দিবাকর চাকমা প্রথম আলোকে বলেন, এ অভিযোগ ঠিক নয়। তিনি আপিল করবেন বলে জানান।