গাছ কেটে নিচ্ছে সংঘবদ্ধ চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ জুলাই, গভীর রাত। ২০-২৫ জনের একটি দল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের গবেষণাগারের সামনে থাকা একটি আগরগাছ কেটে নিয়ে যাচ্ছিল। খাসিয়া পরিবার ও বনকর্মীদের ধাওয়ায় গাছটি ফেলে তারা পালিয়ে যায়। এর আগে জুনের প্রথম সপ্তাহে ওই স্থান থেকে একটি আগরগাছ কেটে নেওয়া হয়েছিল।

অভিযোগ উঠেছে, সংঘবদ্ধ একটি চক্র কয়েক বছর ধরে উদ্যানের গাছ কেটে নিচ্ছে। ইতিমধ্যে সেগুন, চাপালিশ ও আওয়ালগাছের সংখ্যা অনেক কমে গেছে। এখন ওই চক্রের নজর মূল্যবান আগরগাছের ওপর। গাছ রক্ষায় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির কার্যক্রম নেই বললেই চলে। সীমিতসংখ্যক বনকর্মী ও খাসিয়া পরিবারের সদস্যদের চেষ্টায় গাছ চুরি বন্ধ হচ্ছে না।

১৯৯৬ সালে লাউয়াছড়াকে জাতীয় উদ্যান ঘোষণা করে সরকার। এর আয়তন প্রায় ১ হাজার ২৫০ হেক্টর। লাউয়াছড়াবন বিট ও সহকরী বন সংরক্ষকের কার্যালয় সূত্রে জানা যায়, এযাবৎ তাদের গাছগাছালির সঠিক পরিসংখ্যান করা হয়নি। এখানে সেগুন, চাপালিশ, আওয়াল, লোহাকাঠ, আগরসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এর মধ্যে সবচেয়ে মূল্যবান হচ্ছে আগরগাছ। একটি আগরগাছের দাম ৩০ হাজার থেকে লক্ষাধিক টাকা।

বনবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগেও এই উদ্যানে ১০-১৫ হাজার সেগুন ও ৫-৭ হাজার চাপালিশগাছ ছিল। এখন ১ হাজার সেগুনগাছও নেই। চাপালিশগাছের সংখ্যাও অনেক কমে গেছে। আগে উদ্যানের বিভিন্ন এলাকায় এক থেকে দেড় হাজার আগরগাছ ছিল। এখন খাসিয়াপুঞ্জিসংলগ্ন আগরবাগানে মাত্র ৩০০ গাছ আছে। এ ছাড়া উদ্যানের ভেতরে বিভিন্ন স্থানে আরও ২৫-৩০টি আগরগাছ রয়েছে। একটি চক্র আগরগাছ চুরিতে বেপরোয়া হয়ে উঠেছে। চক্রটি গাছ কেটে রেলপথে নিজস্ব ট্রলি দিয়ে দ্রুত বনের বাইরে নিয়ে চলে যায়।

লাউয়াছড়া খাসিয়াপুঞ্জির হেডম্যান ফিলা পত্নী বলেন, গত ১৩ জুন ও ৭ জুলাই রাতে একদল চোর আগরগাছ কেটে পাচার করার চেষ্টা করেছিল। খাসিয়াপুঞ্জির লোকজন ও বনকর্মীরা ধাওয়া করে গাছ উদ্ধার করেন। তাদের হাতে অস্ত্র ছিল। খালি হাতে ও অল্পসংখ্যক লোক নিয়ে তাদের প্রতিরোধ করা সহজ নয়। এতে প্রাণনাশেরও হুমকি রয়েছে।

এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই চক্রের নেপথ্যে রয়েছেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুলেমান হোসেন, কমলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলমসহ আরও কয়েকজন। বনের মূল্যবান গাছ রক্ষায় বিভিন্ন সভায় এই চক্রের কথা উঠলেও তাদের প্রতিরোধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বন বিভাগ ও জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটি।

তবে অভিযোগ অস্বীকার করে গতকাল মঙ্গলবার সুলেমান হোসেন মুঠোফোনে বলেন, তাঁর ঠিকাদারি ব্যবসা রয়েছে। গাছ কেনাবেচা বা উদ্যানের গাছ কাটার সঙ্গে তিনি জড়িত নন।

বদরুল আলম বলেন, চোর চক্র ও বন বিভাগই তাঁর বিরুদ্ধে এ রকম অভিযোগ আনতে পারে। কারণ, তিনি একসময়লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। তখন বন বিভাগের কার্যক্রমের সমালোচনা করতেন। তিনি দাবি করেন, গাছ কাটার সঙ্গে বন বিভাগের কর্মীরাও জড়িত।

মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক (বন্য প্রাণী সংরক্ষণ ও প্রকৃতি সহব্যবস্থাপনা বিভাগ) মো. তবিবুর রহমান বলেন, একটি সশস্ত্র চক্রের কারণে গাছ রক্ষায় বন বিভাগ হিমশিম খাচ্ছে। একজন বন বিট কর্মকর্তা, তিনজন বনপ্রহরী ও দুজন বোটম্যান (বন বিভাগের নিয়োগ করা কর্মী) নিয়ে তাদের প্রতিহত করা কঠিন। কারা এই বন ধ্বংস করছে, তা সহব্যবস্থাপনা কমিটি থেকে শুরু করে প্রশাসনও জানে। তাদের প্রতিরোধে কঠোর পদক্ষেপ প্রয়োজন।

বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী সংরক্ষণ ও প্রকৃতি সহব্যবস্থাপনা বিভাগ) মিহির কুমার দো বলেন, উদ্যানের গাছ রক্ষায় বন বিভাগ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বছরখানেক আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো তালিকায় এই উদ্যানে নেতৃত্বদানকারী গাছচোর দলের সদস্য হিসেবে স্থানীয় কয়েকজনের নাম রয়েছে।

সহব্যবস্থাপনা কমিটি, কাউন্সেলিং কমিটি ও প্রশাসনের সহযোগিতা নিয়ে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়ভাবে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করতে হবে।