কোনো গাছের গোড়ায় বিষ দিয়ে, কোনো গাছের মাথার অংশ কেটে, আবার কিছু গাছের গোড়ার দিকে আংশিক চেঁছে কেটে রাখা হয়েছে। সামান্য ঝোড়ো বাতাসে যখন এসব গাছ ভেঙে পড়ে তখন মসজিদ উন্নয়নের নামে তা কেটে বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে।
এভাবে গত কয়েক মাসে তালোড়া রেলস্টেশনের ৩০টির বেশি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে আওয়ামী লীগের স্থানীয় নেতা কামরুজ্জামান পিন্টুর বিরুদ্ধে। কামরুজ্জামান তালোড়া পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।
গত বৃহস্পতিবার সরেজমিন ঘুরে ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায়, তালোড়া রেলস্টেশনের পেছনে ঈদগাহ মাঠ। মাঠের আশপাশে পরিত্যক্ত কোয়ার্টারে বসবাস করতেন রেল বিভাগ ও তালোড়া বাজারের সুইপাররা। কামরুজ্জামান তাঁদের উৎখাত করে ওই কোয়ার্টার দখল করেন। তারপর জামে মসজিদের উন্নয়নের কথা বলে কোয়ার্টারের ভবনগুলো ভেঙে তার ইট বিক্রির টাকা আত্মসাৎ করেন। ঈদগাহ মাঠের পূর্বদিকে একটি শিমুলগাছের গোড়ায় দেখা গেল করাত দিয়ে চেঁছে চারদিকের কিছু অংশ কেটে রাখা হয়েছে। রেলওয়ে কোয়ার্টারের সামনে একটি ডোবার পাশে দাঁড়ানো তালগাছের মাথা ছেঁটে ফেলা হয়েছে। আর নিজের বাড়ির পাশের দুটি তাল এবং একটি জামগাছ কেটে ফেলে রাখা হয়েছে।
স্থানীয় ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, গত কয়েক মাসে ২০-২৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়েছেন কামরুজ্জামান। এ গাছগুলো বিক্রি করে তিনি অন্তত কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি আওয়ামী লীগের নেতা হওয়ায় এবং মামলায় জড়ানোর হুমকি দেওয়ায় তাঁর বিরুদ্ধে কেউ মুখ খুলতে চান না। মুসল্লিদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা না করে রেলওয়ে জামে মসজিদটির কমিটি ভেঙে দিয়ে একদিন জুমার নামাজে নিজেকে কমিটির সভাপতি বলে ঘোষণা দেন।
মুসল্লিরা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা কামরুজ্জামানের বাবা মৃত এমদাদুল হক স্টেশনমাস্টার ছিলেন। সেই সুবাদে রেলওয়ের জায়গা ও কোয়ার্টার দখলের সুযোগ পান তাঁরা। এমদাদুল হক তালোড়া ইউনিয়ন জামায়াতের নেতা ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কামরুজ্জামান এ দলে যোগ দেন। তিনি বছর তিনেক আগে প্ল্যাটফর্ম-সংলগ্ন জায়গা দখল করে দোকান বানিয়ে ভাড়া দেন। তখন প্রথম আলো পত্রিকায় এ খবর প্রকাশ হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
বর্তমান স্টেশনমাস্টার দেওয়ান শামসুল হক বলেন, ‘কোয়ার্টারের জায়গার গাছ কেটে নেওয়া হচ্ছে কি না, তা আমার জানা নেই। তবে এর আগে কে বা কারা যেন রেলওয়ের জমির গাছের ডালপালা কেটেছিল। তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
এদিকে কামরুজ্জামান মুঠো ফোনে গাছ কাটার কথা অস্বীকার করে বলেন, ‘যারা অভিযোগ করেছে তাদের আমার সামনে এসে অভিযোগ করতে বলবেন।’
রেলওয়ে বগুড়ার সহকারী নির্বাহী প্রকৌশলী আবদুস সোবহান মুঠোফোনে বলেন, ‘রেলের জায়গা দখল ও গাছ বিক্রির কোনো ঘটনা স্টেশনমাস্টার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাননি। স্টেশনের আশপাশের জায়গা ও গাছপালা স্টেশনমাস্টার দেখভাল করে থাকেন। কেউ কোনোভাবে আত্মসাতের চেষ্টা করলে মাস্টার থানায় জিডি করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে তা জানানোর কথা।’
লালমনিরহাটের বিভাগীয় তত্ত্বাবধায়ক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘স্টেশনমাস্টার গাছ কাটার কোনো অভিযোগই করেননি। বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। শিগগিরই বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে স্টেশনমাস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’