গাছ চুরি করতে গিয়ে যুবলীগ নেতা ধরা
রাতের আঁধারে মহাসড়কের পাশে লাগানো সরকারি গাছ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান।
গত শনিবার রাতে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার বেড়াগাড়ী এলাকায় আনসার সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁকে হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির টহল দলের হাতে সোপর্দ করা হয়।
হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিকুঞ্জ সরকার বলেন, নাশকতা ঠেকাতে ও পেট্রলবোমা হামলাকারীদের দমনে বগুড়া-নাটোর মহাসড়কে শনিবার রাতে আনসার বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে বেড়াগাড়ী এলাকায় মহাসড়কের পাশে লাগানো গাছ কাটছিল দুর্বৃত্তরা। এ সময় আনসার সদস্যরা শাহিনুর রহমান নামের একজনকে হাতেনাতে ধরে ফেলেন। কিন্তু তাঁর সহযোগীরা পালিয়ে যায়। পরে আনসার সদস্যরা শাহিনুরকে হাইওয়ে পুলিশের টহল দলের কাছে সোপর্দ করেন।