গাছ চুরির বলি
রাবারবাগানের পাশেই বাড়ি। রাত প্রায় সাড়ে ১০টার দিকে বাড়ির উঠানে শৌচাগারে গিয়েছিল মো. শিবলু (১৫)। হঠাৎ একটি কাটা গাছ গিয়ে পড়ে শৌচাগারের ওপর। শিবলুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান গাছ কাটায় নিয়োজিত ব্যক্তিরা। রাত প্রায় ১২টার দিকে শিবলু মারা গেলে হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে ‘দুর্ঘটনায় মারা গেছে’ বলে পালিয়ে যান তাঁরা।
সিলেট মহানগরের শাহপরান থানা এলাকার খাদিমপাড়ার ছড়াগাং রাবারবাগানে গত মঙ্গলবার রাতে এভাবেই প্রাণ হারায় এক কিশোর।
ছড়াগাং রাবারবাগানে রাত প্রায় সাড়ে ১০টার দিকে সংঘবদ্ধ চোর চক্র রাবারগাছ কাটছিল বলে এলাকাবাসী অভিযোগ করেন। পুলিশ গতকাল বুধবার সকালে শিবলুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দুপুরে হাসপাতাল এলাকায় কথা হয় শিবলুর বাবা আবদুল জলিলের সঙ্গে। তিনি জানান, শিবলু একটি দোকানে রংশিল্পী হিসেবে কাজ করত। সারা দিন দোকানে কাজ করার পর রাতে বাড়ি ফিরত। মঙ্গলবার রাত ১০টার দিকে খাওয়াদাওয়া করে উঠানে শৌচাগারে যায়। হঠাৎ শব্দ হলে পরে তাঁরা ঘর থেকে বের হয়ে দেখেন শৌচাগারের ওপর একটি কাটা গাছ পড়ে আছে।
আবদুল জলিল অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই গাছকাটা চলছিল। বাড়ির শৌচাগারে গাছটি পড়ার সঙ্গে সঙ্গে আবদুল মছব্বির, তাজউদ্দিন, ছাদ মিয়া, আবদুর রহিম, আফসর উদ্দিন তাঁর ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে আবার তাঁরাই বাড়িতে মরদেহ দিয়ে যান। এ সময় ‘দুর্ঘটনায় মারা গেছে’ জানিয়ে ওই পাঁচজন লাপাত্তা হয়ে যান। রাতেই ঘটনাটি এলাকাবাসীকে জানান তিনি।
শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি বলেন, কাটা গাছ পড়ে কিশোরের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।