গাছ ফেলে ডাকাতির চেষ্টা, সন্দেহভাজন ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মীরপুকুরপাড় এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে গতকাল শুক্রবার গভীর রাতে রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা হয়। এ সময় ডাকাত দলের সঙ্গে টহল পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। এতে লোকমান হোসেন (৪০) নামের একজন নিহত হন। আহত হন দুই কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিনের দাবি, ডাকাত দলের সদস্যদের গুলিতে লোকমান নিহত হয়েছেন। তিনি ডাকাত দল লোকমান বাহিনীর প্রধান ছিলেন। তাঁর বিরুদ্ধে কসবা থানায় পাঁচটি ডাকাতির মামলা রয়েছে। তাঁর বাড়ি কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামে।

ওসির ভাষ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মীরপুকুরপাড় এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয় একদল ডাকাত। এ সময় ঘণ্টা খানেক যান চলাচল বন্ধ ছিল। টহলরত পুলিশ ডাকাতদের ধাওয়া করে সাতটি গুলি চালায়। ডাকাতেরাও পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে লোকমান নিহত হন। অন্য ডাকাতেরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি কার্তুজ, দুটি কালো মুখোশ, দুটি রামদা ও দুটি ছোরা উদ্ধার করেছে।

গোলাগুলির ঘটনায় আহত কসবা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল সিকদার, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফারুক হোসেন, পুলিশ কনস্টেবল আলীমুল রাজিব, আবদুর রহিম ও ছিদ্দিক মিয়াকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

ওসি আরও বলেন, লোকমানের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।