গাছ বিক্রি করলেন চেয়ারম্যান

নীতিমালা উপেক্ষা করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমানের বিরুদ্ধে গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে। ক্রেতারা এসব গাছ কেটে রিকশা-ভ্যান ও ট্রাক ভর্তি করে বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন।
তালুককানুপুর ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ আগে ইউনিয়নের ফুলবাড়ি-কাপাসিয়া সড়কের তিন কিলোমিটার সড়কের দুই পাশে সহস্রাধিক ইউক্যালিপটাস জাতের গাছ লাগায় ইউপি কার্যালয় ও স্থানীয় বাংলাদেশ জাতীয় শাপলা ফুল আদর্শ সমবায় সমিতি। এ ছাড়া প্রায় ১০ বছর আগে একই ইউনিয়নের উত্তরপাড়া-সমসপাড়া পর্যন্ত এক কিলোমিটার সড়কে দুই শতাধিক গাছ লাগায় ইউপি কার্যালয় ও সমসপাড়া যুবসংহতি ক্লাব। সম্প্রতি ইউপি চেয়ারম্যান আতিকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের কাছে ১০ লাখ টাকায় ফুলবাড়ি-কাপাসিয়া সড়কের গাছ বিক্রি করেন। এ ছাড়া উত্তরপাড়া-সমসপাড়ার গাছ ১ লাখ ৫৬ হাজার টাকায় আবদুল হামিদ নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন আতিকুর।
এলজিআরডি মন্ত্রণালয়ের পরিপত্রে গাছ কাটার নীতিমালা অনুযায়ী, ইউপির মালিকানাধীন কোনো গাছ বিক্রি করতে ইউপির সভায় সিদ্ধান্ত নিতে হবে। এ সিদ্ধান্ত অনুমোদনের জন্য প্রস্তাব আকারে এ-সংক্রান্ত উপজেলা কমিটি বরাবরে পাঠাতে হবে। উপজেলা কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সদস্যসচিব সহকারী কমিশনার (ভূমি), সদস্য উপজেলা প্রকৌশলী, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও বিভাগীয় বন কর্মকর্তার প্রতিনিধি।
ওই নীতিমালা উপেক্ষা করে ইউপি চেয়ারম্যান আতিকুর ফুলবাড়ি-কাপাসিয়া সড়কের দুই পাশের ও উত্তরপাড়া-সমসপাড়া সড়কের গাছ বিক্রি করেন। গত শুক্রবার থেকে ফুলবাড়ি-কাপাসিয়া সড়কের ও গত ১১ ডিসেম্বর থেকে উত্তরপাড়া-সমসপাড়া সড়কের গাছ কেটে নিচ্ছেন ক্রেতারা। তাঁরা গত মঙ্গলবার পর্যন্ত ওই দুটি সড়কের প্রায় ৩৫০টি গাছ কাটেন। এসব গাছের গুঁড়ি রিকশা-ভ্যানে ও ট্রাকে ভর্তি করে প্রতিদিন বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, কেউ গাছ কাটছেন, কেউ গাছের গুঁড়ি রিকশা-ভ্যানে তুলছেন। কোনো কোনো স্থানে সড়কের পাশে গাছ কেটে ফেলে রাখা হয়েছে।
শাপলা ফুল আদর্শ সমবায় সমিতির সভাপতি রাসেল মিয়া বলেন, ‘গাছ বিক্রি করেছি, তবে অনুমতি নিয়েছেন কি না, তা চেয়ারম্যান সাহেব জানেন।’
এ ব্যাপারে গাছ ক্রেতা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর বলেন, ‘ইউপি ও সমিতির কাছ থেকে ১০ লাখ টাকায় ফুলবাড়ি ঈদগাহ মাঠ থেকে কাপাসিয়া নাসিরের বাড়ি পর্যন্ত সড়কের গাছ কিনেছি। আমি সেগুলোই কাটছি।’ এ ব্যাপারে জানতে অপর গাছ ক্রেতা হামিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
তালুককানুপুরের ইউপি চেয়ারম্যান আতিকুর গত সোমবার বিকেলে মুঠোফোনে বলেন, ‘এসব গাছের পাতা সংলগ্ন জমিতে পড়ে ফসল নষ্ট হচ্ছিল। তাই স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে গাছ কাটার আবেদন জানিয়ে আসছিলেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে গাছ কাটার জন্য উপজেলা প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়। কিন্তু অনুমতি মেলেনি। বর্তমানে বোরো রোপণ মৌসুম চলছে। তাই জনগণের অনুরোধে ওই গাছ বিক্রি করেছি।’
ইউএনও শীলাব্রত কর্মকার গত সোমবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই ইউনিয়নে গাছ কাটার কোনো অনুমোদন দেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।