গাছগুলো কার?

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের উত্তর মছজিদ্দা গ্রামের একটি সড়কের ১০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন বিভাগের কুমিরা রেঞ্জ এবং ইউনিয়ন পরিষদের লোকজন। সে সময় কাটা গাছের খণ্ডগুলোর মালিকানা নিয়ে দুই প্রতিষ্ঠানের উপস্থিত লোকজন বিবাদে জড়িয়ে পড়েন। দুই পক্ষই গাছগুলো নিজেদের দাবি করেছে। বাগ্বিতণ্ডার একপর্যায়ে বন বিভাগ কাটা গাছের ১৪ খণ্ড এবং ইউনিয়ন পরিষদ ২০ খণ্ড নিয়ে গেছে।
গত সোমবার গভীর রাতে গাছগুলো কাটার ঘটনা ঘটেছে। তবে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও ঈদের ছুটির কারণে বিষয়টি সুরাহা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো পক্ষ গাছ কাটার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেনি।
বন বিভাগ ও ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, ২০০১ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) একটি সড়কের দুই পাশে গাছ লাগায় বন বিভাগ। এ সময় এক কিলোমিটারজুড়ে এক হাজার গাছ দিয়ে বনায়ন করা হয়। এ ব্যাপারে বন বিভাগের সঙ্গে এলজিইডির একটি চুক্তি হয়। গত সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা ১৫ বছর বয়সী ১০টি গাছ কাটার পর নিয়ে যাওয়ার চেষ্টা করে। গাছগুলোর মধ্যে রয়েছে দুটি জারুল, ছয়টি অর্জুন, একটি ইউক্যালিপটাস ও একটি আকাশমণি। গাছ কাটার খবর পেয়ে ইউনিয়ন পরিষদের দফাদার, স্থানীয় ইউপির সদস্য, কুমিরা রেঞ্জের বিট কর্মকর্তাসহ বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছান। সে সময় গাছের খণ্ডগুলো নিজেদের দাবি করে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। পরে বন বিভাগ কাটা গাছের ১৪ খণ্ড ও ইউনিয়ন পরিষদ ২০ খণ্ড নিয়ে যায়।
কুমিরা রেঞ্জ কার্যালয়ের বিট কর্মকর্তা এম এম কামাল উদ্দিন আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এলজিইডির সঙ্গে বন বিভাগের একটি চুক্তি আছে। গাছগুলো বন বিভাগ লাগিয়েছে। তাই গাছের মালিকও বন বিভাগ।
এ বিষয়ে কোনো মামলা হবে কি না জানতে চাইলে কামাল উদ্দিন বলেন, রেঞ্জ কর্মকর্তা কর্মক্ষেত্রে যোগদানের পর আলাপ-আলোচনা করে মামলা করবেন।
অন্যদিকে, গাছগুলো নিজেদের বলে দাবি করেন কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী। প্রথম আলোকে তিনি বলেন, সড়কটি ইউনিয়ন পরিষদের। পরিষদকে অবহিত না করে বন বিভাগ গাছ লাগিয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
মামলা প্রসঙ্গে তিনি বলেন, কারা গাছ কেটেছে তা তিনি জানেন না। মালিকানার বিষয়টি সুরাহা হওয়ার পর দুই প্রতিষ্ঠান আলোচনার ভিত্তিতে মামলা করবে।
ইউএনও নাজমুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দুই পক্ষ। তারা একমত না হলে কাগজপত্র নিয়ে আসার পর মালিকানা ঠিক করে দেওয়া হবে। যে প্রতিষ্ঠান মালিক হবে, সেই প্রতিষ্ঠান মামলা করবে।