গাছগুলো কাটল কারা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের সরকারি রাস্তার ২৮টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে ওই গাছগুলো কাটা হয়। কেটে ফেলা কয়েকটি গাছ গতকাল শুক্রবার সকালে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বাকিগুলো পাশের ফুলের বাজারে একটি করাত কলে দেখতে পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানায়, ওই ইউনিয়নের দক্ষিণ সালন্দা কচুয়াপাড়া ও বোচকুড়া গ্রামে ১২ বছর আগে সরকারি রাস্তার পাশে গাছ লাগানো হয়। দিনে দিনে তা বড় হয়ে ওঠে। এসব গাছ এলাকায় ছায়া দিত। এলাকাবাসীর অভিযোগ, চোরেরা গাছগুলো কাঠ ব্যবসায়ী আশেদুল ইসলামের কাছে বিক্রি করেছে।

ব্যবসায়ী আশেদুল বলেন, তিনি এসব গাছ কিনেছেন এলাকার ফারুক হোসেনের কাছে। তবে এ ব্যাপারে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফারুক হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। 

চণ্ডীপুর ইউনিয়নের সদস্য আবদুস সালাম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে শুনেছেন গাছ কাটা হয়েছে। যারা এই অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

চণ্ডীপুর ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক বলেন, ‘আমি কিছুই জানি না। খোঁজ নিয়ে দেখছি।’

পার্বতীপুর মডেল থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, ‘গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ করা হয়নি। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখব। সরকারি গাছ কাটার অপরাধে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।’