গাছগুলো কে কাটল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনশ্রীতে প্রধান সড়কে ফুটপাত ও নালা নির্মাণের শুরুতেই সড়কের দুই পাশের গাছগুলো কেটে ফেলা হয়। গতকাল তোলা।  ছবি: প্রথম আলো
বনশ্রীতে প্রধান সড়কে ফুটপাত ও নালা নির্মাণের শুরুতেই সড়কের দুই পাশের গাছগুলো কেটে ফেলা হয়। গতকাল তোলা। ছবি: প্রথম আলো
>

• রামপুরা সেতু থেকে বনশ্রী সি ব্লক।
• ডিএনসিসি সড়কের দুই পাশে ফুটপাত ও নালার কাজ করছে।
• সংস্থাটি বলছে, গাছ কাটার বিষয়ে তারা কিছুই জানে না।

রামপুরা সেতু থেকে বনশ্রী আবাসিক এলাকার সি ব্লক মোড় পর্যন্ত খালপাড়ের শতাধিক গাছ কাটা পড়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সড়কের দুই পাশে ফুটপাত ও নালা নির্মাণকাজের শুরুতেই গাছগুলো কেটে ফেলা হয়। কাজটি করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কিন্তু সংস্থাটির কর্মকর্তাদের দাবি, গাছ কাটার বিষয়ে তাঁরা কিছুই জানেন না।

গত বছরের ডিসেম্বর মাসের শেষে বনশ্রীর প্রধান সড়কের এই এক কিলোমিটার অংশে সংস্কারকাজ শুরু করে ডিএনসিসি। এর আওতায় সড়কের দুই পাশে নতুন করে নালা ও ফুটপাত নির্মাণের কাজও শুরু হয়। নয় কোটি টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

গতকাল রোববার দেখা যায়, রামপুরা সেতু থেকে বনশ্রী সি ব্লক মোড়ের দিকে যেতে ডান দিকের অংশে ফুটপাত ও ড্রেন নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। বাঁ পাশে রামপুরা খালের পাড়ে কেটে রাখা অনেক গাছের ডালপালা ছড়ানো। এই পাড়ের এক কিলোমিটার অংশে অন্তত ৫০টি কেটে রাখা গাছের গোড়া চোখে পড়ে। যেগুলোর অবস্থান নির্মীয়মাণ ফুটপাতের মাঝের অংশে। এর বাইরে খালের সীমানা খুঁটি বরাবর ও ভেতরের অংশেও গাছ কাটা হয়েছে।

বনশ্রী ২ নম্বর ব্লকের ফটকের কাছে দায়িত্ব পালনরত ট্রাফিক কনস্টেবল মনির বলেন, ‘সি ব্লকের মোড়ের কাছে খালপাড়ে সবচেয়ে বেশি গাছ ছিল। বেশ ছায়াও পাওয়া যেত।’

বনশ্রী আবাসিক এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, চাইলে গাছগুলো বাঁচিয়েই ফুটপাত, নালা সবকিছু বানানো সম্ভব ছিল।

এ ছাড়া গাছ কেটে সড়ক ও ফুটপাত উন্নয়নের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার একাধিক বাসিন্দা। তাঁরা বলেন, রামপুরা খালের এই পাড়ে বেশির ভাগ ছিল নারকেলগাছ। এ ছাড়া বড় আকারের কিছু কড়ই ও মেহগনিগাছও ছিল। সব মিলিয়ে সংস্কারকাজের শুরু থেকে এ পর্যন্ত কেটে নেওয়া গাছের সংখ্যা শতাধিক।

এদিন সি ব্লক মোড়ের অংশে নির্মাণকাজ তদারকি করছিলেন ডিএনসিসির পরিদর্শক আবদুল কাদের। অবশ্য গাছ কাটার বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি। এ ব্যাপারে বিস্তারিত জানতে তিনি ডিএনসিসির অঞ্চল-৩-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলমের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তবে সেখানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারি প্রতিষ্ঠানের একাধিক প্রতিনিধি বলেন, ফুটপাত নির্মাণের জন্য গাছ না কেটে উপায় ছিল না। আর কিছু গাছ মূল সড়কের ওপর চলে আসায় সেগুলোও কাটা হয়েছে।

তবে গাছ কাটার সঙ্গে সিটি করপোরেশনের সম্পৃক্ততা অস্বীকার করেন ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম। তিনি বলেন, ‘গাছ না কাটার ব্যাপারে ঊধ্বর্তন কর্তৃপক্ষের কড়া নির্দেশনা আছে। আমরা এর সঙ্গে কোনোভাবেই জড়িত নই।’

তাহলে গাছগুলো কারা কাটল—এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব আলম বলেন, ‘জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। আপনি এ ব্যাপারে বনশ্রী কল্যাণ সমিতির সঙ্গে যোগাযোগ করতে পারেন।’ 

বনশ্রী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ‘রাস্তা ডিএনসিসির। কাজও করছে তারা। তাহলে গাছ কারা কাটল—এই প্রশ্নই তো অবান্তর।’