বিদ্যালয়ের একটি ভবন পরিত্যক্ত। আরেকটি ভবনে ফাটল, চাল ফুটো। সেখান দিয়ে বৃষ্টির দিনে পানি পড়ে। আর গরমে আসে রোদ। জায়গার অভাবে শিক্ষার্থীরা দুটি ভবনের একাংশে এবং গাছতলায় ক্লাস করে। দেয় পরীক্ষাও। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ফটিকজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটি এমনই।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার ফটিজানি গ্রামে ১৯৩৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে ২৫৮ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষক আছেন আটজন। বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল সন্তোষজনক। এখান থেকে প্রাথমিক বৃত্তিও পাচ্ছে প্রতিবছর।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা জানান, প্রায় ১০ বছর আগে বিদ্যালয়ের মূল ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এর দেয়ালজুড়ে ফাটল। বিদ্যালয়ের ভবন তিনটি। প্রশাসনিক ভবনটি পাকা। আর দুটি আধা পাকা। এর একটি পরিত্যক্ত। আরেকটির একাংশে দুটি, প্রশাসনিক ভবনের একাংশে একটি ও একই ভবনের বারান্দায় একটি এবং স্কুলের মাঠের গাছতলায় একটি ক্লাস নেওয়া হয়।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, পরিত্যক্ত ভবনের টিনের চালা মরিচা পড়ে ঝাঁঝরা হয়ে গেছে। আরেকটি ভবনের একাংশে পঞ্চম শ্রেণির এবং গাছতলায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা হচ্ছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা যে কক্ষে পরীক্ষা দিচ্ছে, তার দেয়ালজুড়ে ফাটলের দাগ। টিনের চালার ফুটো দিয়ে রোদ আসছে। ভবনটির দরজা-জানালার কপাট বলে কিছু নেই।
পরীক্ষা শেষে পঞ্চম শ্রেণির ছাত্রী ঝর্ণা বলে, ‘বৃষ্টি এলে আমাদের ভিজে যেতে হয়। বই-খাতাও ভিজে যায়। তাই আমরা বাড়ি চলে যাই।’
গাছতলায় ক্লাস করার অভিজ্ঞতা বলতে গিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রিফাত জানায়, অনেক সময় তাদের মাথার ওপর পাখি বিষ্ঠা ত্যাগ করে। এ ছাড়া রোদ-বৃষ্টিতেও কষ্ট হয়।
বিদ্যালয়ের শিক্ষক বেগম কামরুন্নাহার বলেন, বৃষ্টি হলেই পানি ক্লাসের ভেতরে জমে যায়। তাই এক দিন বৃষ্টি হলে পরের দু-তিন দিন পর্যন্ত পাঠদান ব্যাহত হয়।
প্রধান শিক্ষক মো. আখতারুজামান জানান, এসব অসুবিধার কথা জানিয়ে এবং নতুন ভবন নির্মাণে করে দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের কাছে অনেক লেখালেখি করা হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।
এ প্রসঙ্গে কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিয়া পারভীন বলেন, বিদ্যালয়টির দুরবস্থার কথা লিখিতভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জানানো হয়েছে।