গাছসহ আটকের পর সেই প্রধান শিক্ষককে ছেড়ে দিয়েছে পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হককে গত রোববার রাতে গাছসহ স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। এনামুল হককে থানায় নেওয়ার পর ক্ষমতাসীন দলের জেলা পর্যায়ের এক নেতার চাপে তাঁকে ওই দিন রাতেই ছেড়ে দেওয়া হয়।
তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর প্রধান শিক্ষক এনামুল হককে ছেড়ে দিতে কারও চাপের কথা অস্বীকার করেন। তিনি বলেন, প্রধান শিক্ষক এনামুলকে গাছগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে থানায় ডেকে আনা হয়েছিল।
স্থানীয় লোকজন জানান, চকরিয়া পৌরসভার হালকাকারার বটতলী এলাকা থেকে একটি ভ্যানগাড়িসহ আকাশমণিগাছের বড় সাইজের আটটি মাথা আটক করে জনতা। ওই সময় ভ্যানগাড়িটির সঙ্গে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হককে পাওয়ায় তাঁকেও আটক করে লোকজন। পরে পুলিশ এসে গাছ ও প্রধান শিক্ষক এনামুল হককে থানায় নিয়ে যায়। তবে রাতেই আওয়ামী লীগের এক নেতার চাপে পড়ে তাঁকে ছেড়ে দেয় পুলিশ। এর আগেও ট্রাকযোগে তিনি বিদ্যালয়ের কাটা গাছ পাচার করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে রোববার রাতে প্রধান শিক্ষককে থানায় নিয়ে হেনস্তা ও বিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল সোমবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিক্ষোভস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সান্ত্বনা দিয়ে তাদের বিদ্যালয়ে নিয়ে যান।
প্রধান শিক্ষক এনামুল হক বলেন, ‘গাছের মাথাগুলো করাতকল থেকে বিদ্যালয়ে আনা হচ্ছিল। ওই সময় স্থানীয় কিছু লোক ভ্যানগাড়িওয়ালাকে ভুল বুঝিয়ে গাছগুলো অন্য পথে নিয়ে যায়। আমি খবর পেয়ে ছুটে গেলে এলাকার কিছু লোক হইহুল্লোড় দিয়ে ওঠে। পরে পুলিশ আমাকে থানায় ডেকে নিয়ে যায়।’
৭ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘প্রধান শিক্ষক গাছ কাটলেন!’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়।