গাছে গাছে পেরেক ঠুকে টাঙানো হচ্ছে ব্যানার-ফেস্টুন

ঠাকুরগাঁওয়ের সড়ক-মহাসড়কের পাশের গাছে গাছে পেরেক ঠুকে লাগানো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন। এতে সড়কের গাছগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। মরে গেছে অনেক গাছ।
সম্প্রতি ঠাকুরগাঁও শহরের সত্যপীর সেতু, পুরোনো বাসস্ট্যান্ড, বঙ্গবন্ধু সড়ক, সরকারি কলেজ, রেলস্টেশন সড়কসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সড়কের পাশের গাছে গাছে ঝুলছে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণার অসংখ্য ফেস্টুন। ফেস্টুনগুলো পেরেক দিয়ে গাছে আটকানো হয়েছে। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন কোচিং সেন্টার, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসক ও রাজনীতিকের ফেস্টুন। পিছিয়ে নেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং সেন্টারগুলোর বিজ্ঞাপন। এ সময় দেখা যায়, একই ছাত্রের ছবি একাধিক কোচিং সেন্টার নিজেদের ছাত্র পরিচয় দিয়ে বিজ্ঞাপন টানিয়ে রেখেছে।
ঠাকুরগাঁও সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আবদুল গফফার বলেন, গাছে পেরেক লাগানোর কারণে গাছের গায়ে যে ছিদ্র হয়, তা দিয়ে পানি ও এর সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক ও অণুজীব ঢোকে। এতে গাছের ওই জায়গায় পচন ধরে। ফলে তার খাদ্য ও পানি শোষণপ্রক্রিয়া ব্যাহত হয়। একসময় গাছটি মরে যায়।
গোবিন্দনগর মহল্লার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, ‘সড়কের পাশের প্রতিটি গাছে পেরেক মেরে ১৫ থেকে ২০টি বোর্ড টাঙানো হয়েছে। গাছে নির্বিচারে পেরেক লাগানোর কারণে সড়কের শতাধিক গাছ মরে গেছে। গাছে পেরেক মারা বন্ধ না হলে গাছগুলোও মরে যাওয়ার ঝুঁকিতে পড়বে।
সোমবার দুপুরে শহরের গোবিন্দনগর এলাকার বিসিক শিল্পনগরীর কাছে একটি বড় গাছে কোচিং সেন্টারের প্রচারণা বিজ্ঞাপন টাঙাচ্ছিলেন দুই যুবক। তাঁদের মধ্যে একজন রায়হান আলী। তিনি বলেন, ‘কোচিং সেন্টারের লোকজন এমন জায়গায় লাগাতে বলেছেন, যেখানে মানুষের চোখ পড়বে। এ জন্য গাছে লাগাচ্ছি।’ গাছে এভাবে পেরেক লাগানো উচিত কি না, এমন প্রশ্নের জবাবে রায়হান নামের এক যুবক বলেন, ‘মনে হয় লাগানো ঠিক না। সবাই লাগিয়েছে দেখে আমরাও লাগিয়েছি।’
শহরের এনজিও কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘প্রাণিকুলের বেঁচে থাকার জন্য প্রধান উপাদান গাছ। এই গাছের যে প্রাণ আছে, অনুভূতিশক্তি আছে, তা প্রমাণিত। তবে গাছের বাকশক্তি নেই। গাছ সবকিছু বিলিয়ে দিয়ে আমাদের জীবন বাঁচিয়ে রাখছে। উপকারের প্রতিদান হিসেবে গাছে পেরেক মেরে মানুষ তার প্রতিদান দিচ্ছে। আমাদের বিবেককে জাগ্রত করা দরকার।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল ইসলাম বলেন, গাছে পেরেক মেরে বিজ্ঞাপন টাঙানো বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হবে।