গাছে বেঁধে তরুণকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় চুরির অভিযোগে গতকাল সোমবার মো. রুবেল প্যাদা (২২) নামে এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে। রুবেল উপজেলার দাশপাড়া গ্রামের মো. চুন্নু প্যাদার ছেলে।
রুবেলের পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দার ভাষ্য, রুবেলসহ তিন তরুণ গতকাল দুপুরে ফেরি করে মধু বিক্রি করতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে আসেন। পরে তাঁরা দুপুর ১২টার দিকে ওই গ্রামের লক্ষ্মণ শীলের ঘরের জানালা ভেঙে ঘরে ঢোকেন। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় রুবেলের দুই সহযোগী পালিয়ে গেলেও রুবেল প্যাদা স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন। পরে স্থানীয় কয়েকজন রুবেলকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে রুবেলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান প্রথম আলোকে বলেন, চুরি করতে গিয়ে রুবেল স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। তবে তাঁকে কে বা কারা পিটুনি দিয়েছে তা জানা যায়নি।