গাছে বেঁধে তিন নারীকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে তিন নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক কলহ নিয়ে ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করায় নির্যাতনের শিকার এক নারীর স্বামীর স্বজনেরা এই ঘটনা ঘটিয়েছেন। গত রোববার উপজেলার মোনারপাড়ায় এই ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার হওয়া তিন নারী হলেন মোনারপাড়া গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী কল্পনা বেগম (২৫), কল্পনার মা ফজিলা বেগম (৪৫) ও নানী রাবেয়া বেগম (৭০)। তাঁরা সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এই ঘটনায় গত সোমবার রাতে মোজাম্মেল হক বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন মোজাম্মেলের প্রথম স্ত্রী নীলি বেগম ও নীলির বাবা কছিম উদ্দিন এবং মোনারপাড়া গ্রামের আবদুর রহমান, তাঁর ভাই আবদুর রাজ্জাক, আবদুর রহমানের ছেলে রাশেদুল ইসলাম ও রাজ্জাকের ছেলে লিটন মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৮৯ সালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে মোজাম্মেল হকের সঙ্গে পাশের পাখিমারা গ্রামের কছিম উদ্দিনের মেয়ে নীলি বেগমের বিয়ে হয়।
পারিবারিক কলহের কারণে ২০০০ সালে মোজাম্মেলের স্ত্রী নীলি বেগম বাড়ি থেকে চলে গিয়ে অন্যত্র বিয়ে করেন। ২০০২ সালে মোজাম্মেল পাশের বগারপাড় গ্রামের মৃত আবদুর রহমানের মেয়ে কল্পনা বেগমকে বিয়ে করেন। ১৪ বছর পর গত রোববার নীলি মোনারপাড়ায় আসেন এবং এই বাড়িতে স্ত্রী হিসেবে থাকবেন বলে মোজাম্মেলকে জানিয়ে দেন। এ খবর পেয়ে কল্পনার মা ফজিলা বেগম, ফজিলার মা রাবেয়া বেগম মেয়ের শ্বশুরবাড়িতে আসেন। এ বিষয়ে তাঁরা গত রোববার দুপুরে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামস উদ্দিনের কাছে অভিযোগ দেন।
মামলার এজাহার সূত্রে আরও জানা গেছে, অভিযোগ করে মাকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে আসেন ফজিলা বেগম। এ সময় মোজাম্মেলের চাচা আবদুর রহমান ও আবদুর রাজ্জাক এবং তাঁদের ছেলেদের স্ত্রীদের সঙ্গে কল্পনা ও ফজিলা বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুর রহমান ও তাঁর পরিবারের লোকজন মোজাম্মেলের স্ত্রী কল্পনাকে বাড়ির আঙিনায় থাকা কাঁঠালগাছের সঙ্গে বেঁধে নির্যাতন করতে থাকেন। তাঁর চিৎকারে ফজিলা ও নানী রাবেয়া এগিয়ে এলে তাঁদেরও গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। পরে এলাকাবাসী তাঁদের চিৎকার শুনে ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত ব্যক্তিদের মধ্যে কল্পনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত সোমবার চিকিৎসকেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু টাকা না থাকায় মোজাম্মেল তাঁকে সেখানে নিতে পারছেন না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মমতাজ উদ্দিন বলেন, কল্পনা বেগমের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে কথা বলার জন্য গতকাল বিকেলে তিনটায় আবদুর রহমানসহ মামলার অপর ছয় আসামির বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁদের ঘরে তালা ঝুলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘গাছের সঙ্গে বাঁধা রশি বাদীর কাছ থেকে উদ্ধার করেছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
এ বিষয়ে পোগলদিঘা ইউপির চেয়ারম্যান সামস উদ্দিন বলেন, ‘আমার কাছে অভিযোগ করায় তিন নারীকে মারার কথা শুনেছি। এ বিষয়ে মামলা হওয়ায় এখন আর আমার কিছু করার নেই।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, মোজাম্মেলের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।