ঝিনাইদহের মহেশপুরের লাটিমা গ্রামে চুরির অপবাদে হালিমা খাতুন (৩২) নামের এক নারী প্রভাবশালী ব্যক্তিদের নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় গত শুক্রবার একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রামের একাধিক বাসিন্দা নাম না প্রকাশ করার শর্তে বলেন, বৃহস্পতিবার সকাল আটটার দিকে হঠাৎ স্থানীয় আবদুল মজিদের বাড়ি থেকে চিৎকার শুনে তাঁরা ছুটে যান। সেখানে মজিদের স্ত্রী হালিমাকে গাছের সঙ্গে বেঁধে পেটানো হচ্ছিল। হালিমাদের প্রতিবেশী শফিকের নেতৃত্বে চলছিল ওই নির্যাতন। হালিমার আরেক প্রতিবেশী আফাজ উদ্দিনের ঘরে চুরির চেষ্টা করায় তাঁকে শাস্তি দেওয়া হচ্ছে বলে জানান নির্যাতনকারীরা। কিন্তু হালিমা অভিযোগ স্বীকার না করায় একপর্যায়ে তাঁর চুল কেটে দেওয়া হয়। বেলা একটা পর্যন্ত চলে এ নির্যাতন। হালিমার স্বামী বুদ্ধিপ্রতিবন্ধী বলে জানান গ্রামবাসী।
হালিমা অভিযোগ করেন, শফিক প্রায়ই তাঁকে কুপ্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় চুরির অপবাদে তাঁকে এভাবে নির্যাতন করা হলো।
পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় হালিমা গত শুক্রবার শফিককে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। নির্যাতনের পর তিনি দুদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন।
শফিক বলে, ‘মহিলার চরিত্র ভালো না। চুরি করতে গিয়ে ধরা পড়ায় পাড়ার মহিলারা ধরে তাঁর চুল কেটে দেয়।’ হাসপাতালের চিকিৎসক তাহাজ্জল হোসেন বলেন, হালিমার শরীরে নির্যাতনের চিহ্ন আছে।