গাছে বেঁধে পেটানোর ঘটনায় মামলা, দুজন গ্রেপ্তার
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুড়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য রেহেনা বেগমের স্বামী বাবলু মোল্লাকে গাছের সঙ্গে বেঁধে পেটানোর ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মান্নান ফকিরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
গত রোববার রাতে রেহেনা বেগম বাদী হয়ে মান্নান ফকিরসহ ১৪ জনকে আসামি করে নগরকান্দা থানায় এ মামলাটি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর সাবেক ইউপি চেয়ারম্যান মান্নান ফকির আত্মগোপন করেছেন। রোববার রাতেই পুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সৈয়দ মোল্লা (৩৭) ও জালাল মোল্লাকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাঁদের জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুড়াপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মান্নান ফকির ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য রেহেনার কাছে রেশন কার্ড চেয়ে না পেয়ে এবং পক্ষ পরিবর্তন করায় ক্ষিপ্ত হন। এর জেরে গত শুক্রবার সকালে রেহানা বেগমের স্বামী বাবলু মোল্লাকে (৩৮) বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করা হয়। পরে স্থানীয় ব্যক্তিরা অজ্ঞান অবস্থায় বাবলু মোল্লাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাবলু মোল্লা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গত রোববার প্রথম আলোয় ‘কথা না শোনায় গাছের সঙ্গে বেঁধে মারধর’ শিরোনামে এ-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।