গাছের গায়ে করাতের ক্ষত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে গাছ, বন আর ঝোপঝাড়। মাঝখানে একাশিয়াগাছের সারি। এ সারির দুটি গাছের ডালপালা কাটা। আরেকটি বড় গাছের গোড়ায় করাতের ক্ষত। আরেকটু সামনে স্তূপ করা মাটি দিয়ে গর্ত ঢাকা। এখান থেকে পাশাপাশি বেড়ে ওঠা চারটি একাশিয়াগাছ কেটে নেওয়া হয়েছে। পরে গাছের গোড়া উপড়ে ফেলে মাটি ভরাট করা হয়েছে।
সিলেটের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) আবাসিক এলাকায় সম্প্রতি এ চিত্র দেখা গেছে। নগরের খাদিমপাড়া এলাকায় টিলাবেষ্টিত প্রায় ৪৫ একর আয়তনের গাছগাছালি ঘেরা মূল ক্যাম্পাসের পাশ থেকে একটি-দুটি করে বড় গাছ কেটে সাবাড় করছে একটি চক্র।
অভিযোগ উঠেছে, এ কাজে এটিআইয়ের তিনটি পদের দায়িত্বে থাকা কর্মকর্তা কবির মিয়ার যোগসাজশ রয়েছে। এ কারণে গাছ কাটার চিহ্ন দেখেও কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘চুরি’ আখ্যা দিয়ে নীরব ভূমিকা পালন করছে।
সম্প্রতি এটিআই এলাকায় গিয়ে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে একসঙ্গে চারটি একাশিয়াগাছ কাটা হয়েছে। তখন ক্যাম্পাস বন্ধ ছিল। রাতের বেলা এই গাছ কেটে বিক্রি করা হয়। মাসের শেষে ক্যাম্পাস খুললে প্রশিক্ষণার্থীরা বিষয়টি বুঝতে পারেন। তখন রাতারাতি কাটা গাছের গোড়া উপড়ে ফেলে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়।
গত ২৭ নভেম্বর কেটে নেওয়া ওই চারটি গাছের পাশে একাশিয়াগাছের সারির মধ্যে আরও তিনটি গাছের ডালপালা কাটা অবস্থায় পাওয়া যায়। কলোনির বাসিন্দারা জানান, এটিআই ক্যাম্পাসের আবাসিক এলাকায় বসবাসকারী হিসাবরক্ষক কবির মিয়ার বসতঘরে কাঠের নতুন খাট, আসবাব ও ঘরের পেছনে কিছু লাকড়ি দেখে গাছ কাটার পেছনে তাঁরই হাত রয়েছে বলে অভিযোগ ওঠে।
এটিআই প্রশাসন সূত্রে জানা গেছে, কবির মিয়া হিসাবরক্ষক পদে কর্মরত আছেন প্রায় আট বছর। কোষাধ্যক্ষ ও ভান্ডাররক্ষকের পদ শূন্য থাকায় এ দুটি পদের ভারপ্রাপ্ত দায়িত্বও তিনি পালন করছেন। তিনটি পদে থাকায় তিনি কর্মরত ব্যক্তিদের মধ্যে প্রভাবশালী।
কবির মিয়া বলেন, ‘কিছু গাছ মারা গিয়েছিল। সেগুলোর ডালপালা ঝড়ে পড়ে। কেটে কিছু লাকড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে। বাকিগুলো প্রতিষ্ঠানের কাজে লাগানো হয়েছে।’ প্রতিষ্ঠানের কী কাজ—এমন প্রশ্নে তিনি বলেন, ‘ছাত্রদের জন্য খাট বানানো হয়েছে।’ এ কাজে প্রতিষ্ঠানের কোনো অনুমোদন ছিল কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা তো ছোটখাটো কাজ ছিল।’ নিজ ঘরের আসবাব তৈরি করেছেন, এমন অভিযোগ শুনে কবির বলেন, ‘বিশ্বাস করুন, এটা বানোয়াট। আমাদেরই কিছু লোক ছড়িয়েছে।’
এটিআইয়ের অধ্যক্ষ নরেশ চন্দ্র বাড়ৈ গাছ কাটার ঘটনাকে ‘চুরি’ বলে দাবি করেন। প্রতিকারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আসলে ছোটখাটো ব্যাপার ছিল। আমি নিজে দেখেছি। গাছ চোরদের ব্যাপারে নজরদারি বাড়ানো হয়েছে।’