গাছের সঙ্গে বিদ্যুৎলাইন সাড়ে চার কিলোমিটার
বরগুনা সদর উপজেলার ভূতমারা ও হেউলিবুনিয়া গ্রামে গাছ ও বাঁশের খুঁটি দিয়ে সাড়ে চার কিলোমিটার বিদ্যুতের লাইন টানানো রয়েছে। অনিরাপদ এই লাইনের কারণে এলাকায় মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। যেকোনো সময় আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এলাকার বাসিন্দারা জানান, প্রায় ১২ বছর আগে ওই লাইন স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ কার্যালয়ে বারবার আবেদন করেও এর প্রতিকার মিলছে না। সর্বশেষ গত মে মাসে ভূতমারা এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে সড়কে পড়ে গেলে তাতে স্পৃষ্ট হয়ে শুভ্র দেব সরকার নামের এক স্কুলশিক্ষার্থী গুরুতর আহত হয়।
বরগুনা বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, ২০০৫ সাল থেকে ওই দুটি গ্রামে গাছের সঙ্গে সাড়ে চার কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন লাগানো আছে। এই লাইন দিয়ে দুই গ্রামের ৪০০ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে বরগুনা বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত একজন নির্বাহী প্রকৌশলী বলেন, গাছের সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা বিদ্যুৎপ্রবাহ আইন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নীতিমালার পরিপন্থী। জীবন্ত গাছ এমনিতেই অতিমাত্রায় বিদ্যুৎ পরিবাহী। বর্ষায় ভেজা গাছ আরও বেশি ঝুঁকিপূর্ণ।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সদর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামে ক্রোক প্রাথমিক বিদ্যালয় থেকে বরগুনা বিদ্যুৎ কার্যালয়ের নিরাপত্তাকর্মী মনিরুজ্জামানের বাড়ি পর্যন্ত গাছ ও বাঁশের খুঁটির সঙ্গে তিন কিলোমিটার লাইন টানানো হয়েছে। গৌরীচন্না ইউনিয়নের ভূতমারা গ্রামের প্রফুল্ল শিকদার বাড়ি থেকে নেসার উদ্দীন মোল্লার বাড়ি পর্যন্ত গাবগাছ, সুপারিগাছ, মেহগনিগাছসহ বিভিন্ন ধরনের গাছের সঙ্গে দেড় কিলোমিটার লাইন টানানো হয়েছে।
ভূতমারা গ্রামের বিজন কান্তি বলেন, ১২ বছর ধরে বিদ্যুতের লাইনগুলো এ অবস্থায় চলছে। টাকা দিয়েও বিদ্যুতের খুঁটি পাওয়া যায় না।
কলেজশিক্ষার্থী সুদীপা দাস বলেন, ‘এই পথ দিয়ে প্রতিদিন কলেজে আসা-যাওয়া করি। গাছের সঙ্গে বিদ্যুতের সংযোগের কারণে আমরা ভয়ে থাকি, কোথাও লাইন ছিঁড়ে পড়ে কি না। যত দ্রুত সম্ভব এই সংযোগ ঠিক করা দরকার।’
বৈঠাঘাটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল জলিল বলেন, ‘আমাদের স্কুলের ছেলেমেয়েরা এসব রাস্তা দিয়ে আসা-যাওয়া করে। এ কারণে শিক্ষার্থীদের নিয়ে ভয়ে থাকি।’
বরগুনা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এখানে নতুন এসেছি। তাই এ রকম ঝুঁকিপূর্ণ বিদ্যুৎলাইনের তথ্য আমার জানা নেই। এমন লাইন থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’