গাছের সঙ্গে বেঁধে এক ব্যক্তিকে নির্যাতন?
নাটোরের গুরুদাসপুর উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার উপজেলার নাজিরপুর ইউনিয়নের কানু মোল্লার বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যক্তির নাম শাহিন ইসলাম (২৬)। তিনি ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি বলেন, ঈদের রাতে গ্রামের কয়েকটি বাড়ি থেকে মুঠোফোন ও টাকা চুরি যায়। গ্রামের আবদুল মান্নান ও মাহবুব লোকজন নিয়ে চুরির অভিযোগে শাহিনকে তাঁর বাড়ি থেকে ধরে আনেন। কানু মোল্লার বটতলার মোড়ে একটি গাছের সঙ্গে শাহিনকে পিছমোড়া করে বেঁধে প্রায় চার ঘণ্টা ধরেমারধর করা হয়। পরেইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব হোসেনের সহায়তায় শাহিনকে পুলিশ হেফাজতে দেওয়া হয়।
আবদুল মান্নান বলেন, শাহিন চোর ও মাদকসেবী। চুরি যাওয়া মুঠোফোন ও টাকা উদ্ধার করতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁকে গাছের সঙ্গে বেঁধে রাখা হলেও নির্যাতন করা হয়নি। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে শাহিন বলেন, তিনি চুরি করেননি। সন্দেহবশত তাঁকে ধরে এনে নির্যাতন করা হয়েছে।
গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, শাহিনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন। তখন সহকারী কমিশনার (ভূমি) গণপতি রায় তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তবে শাহিনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে, বিষয়টি তিনি (ওসি) জানেন না। কেউ অভিযোগও করেননি।