গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে পুড়িয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতনের পর গাছের সঙ্গে বেঁধে শরীরে পেট্রল ঢেলে ছালমা খাতুন (২৮) নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে দগ্ধ অবস্থায় ছালমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। ঘটনার পর থেকে তাঁর স্বামী সাহাবুল মল্লিক পলাতক।
ছালমার গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের দিয়াড়বাঘইল গ্রামে। তিনি ঈশ্বরদী ইপিজেডের এক কারখানার শ্রমিক। স্বামী ও দুই সন্তানের সঙ্গে ঈশ্বরদী দিয়াড়বাঘইল গ্রামে থাকতেন। বাড়ির পাশে চায়ের দোকানদারি করেন তাঁর স্বামী।
নাম প্রকাশ না করার শর্তে ছালমার কয়েকজন প্রতিবেশী জানান, ছালমা সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে নিজের বেতনের টাকা থেকে কিছু টাকা ব্যাংকে জমা করছিলেন। কিন্তু ওই টাকার জন্য স্বামী সাহাবুল তাঁর ওপর চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে গতকাল রাতে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সাহাবুল স্ত্রীকে বাড়ির পাশে রেললাইনের ধারে তাঁর চা দোকানের কাছে নিয়ে যান। সেখানে সাহাবুল কাঁঠাল গাছের সঙ্গে ওড়না দিয়ে হাত-পা বেঁধে ছালমার শরীরে পেট্রল ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেন। ছালমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে রাত তিনটার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ তিনি মারা যান। তার আগেই আজ সকাল নয়টার দিকে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে স্বামী সাহাবুলের চায়ের দোকানে আগুন ধরিয়ে দেয়।
আজ সোমবার দুপুরে দিয়াড়বাঘইল গ্রামে গেলে কয়েকজন প্রতিবেশী বলেন, সাহাবুল ওড়না দিয়ে ছালমাকে গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেন। আগুনে ওড়নার বাঁধন ছুটে যাওয়ার পর ছালমা আগুন নিয়ে দিগ্‌বিদিক ছোটাছুটি করে চিৎকার চেঁচামেচি করেছিলেন।
পাকশী পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন সাংবাদিকদের বলেন, সাহাবুল পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।