গাছের সঙ্গে বেঁধে তরুণীকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় ববিতা খানম (২০) নামের এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়েছে। এই নির্যাতনের সাত দিন পরও গতকাল বৃহস্পতিবার নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা চলছিল মেয়েটির।
ওই ঘটনায় গত মঙ্গলবার লোহাগড়া থানায় মেয়েটির পরিবার মামলা করলে রাতেই একজনকে গ্রেপ্তার করা হয়। শফিকুল শেখ (২৬) নামের এক সেনাসদস্যের সঙ্গে প্রেমের সম্পর্ক ও পরে গোপনে বিয়ে করাকে কেন্দ্র করে স্বামীর বাড়ির লোকজন এ নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল হাসপাতালে গিয়ে দেখা যায়, মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ববিতা। দায়িত্বরত চিকিৎসক মো. আবদুল কাদের বলেন, মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
ববিতার পারিবারিক সূত্র জানায়, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের শালবরাত গ্রামের ছালাম শেখের ছেলে শফিকুলের সঙ্গে এরেন্দা গ্রামের ববিতার প্রেমের সম্পর্ক ছিল। ২০১৩ সালের ২১ নভেম্বর দুজন গোপনে বিয়ে করেন। তবে শফিকুলের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। একপর্যায়ে শফিকুলও ববিতাকে এড়ানো শুরু করেন। এ নিয়ে একাধিকবার সালিসও হয়। কিন্তু সমস্যার সুরাহা হয়নি।
হাসপাতালে ববিতা বলেন, ‘গত ২৯ এপ্রিল রাত নয়টার দিকে শফিকুল আমাকে তাদের বাড়ি নিয়ে যায়। রাতে দুজনই একটি ঘরে ছিলাম। কিন্তু পরদিন সকালে এলাকার মাতব্বর আজিজুর রহমানের নেতৃত্বে শ্বশুর, শাশুড়ি ও আরও কয়েকজন আমাকে মারধর করে। শফিকুলও মারধর করে। পরে গাছের সঙ্গে বেঁধে বাঁশের কঞ্চি দিয়ে বেধড়ক পেটায়। এরপর তারাই লোহাগড়া হাসপাতালে নেয়। পরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হই।’
এদিকে গতকাল শফিকুলদের বাড়ি গেলে তাঁর ভাবি রুনা খানমকে (২২) পাওয়া যায়। তিনি দাবি করেন, শফিকুল সিলেটে কর্মরত। প্রায় ছয় মাস তিনি বাড়িতে আসেন না। শফিকুল কোনো বিয়ে করেননি।
রুনার অভিযোগ, ‘৩০ এপ্রিল সকাল সাড়ে সাতটার দিকে ওই মেয়ে ও তাঁর মা আমাদের বসতঘরে ঢুকে পড়েন। আমরা কেউ তাঁদের চিনি না। আমার শাশুড়ি প্রথমে তাঁকে (ববিতা) জড়িয়ে ধরেন। পরে চিৎকার-চেঁচামেচিতে আশপাশের নারীরা এসে চোর মনে করে মারধর করেন। তাঁর মা পালিয়ে যান।’
বাড়িতে অন্য কাউকে না পেয়ে শফিকুল ও মাতব্বর আজিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁরা ফোন ধরেননি।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্ত্রীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে ববিতা তাঁর মাকে নিয়ে স্বামীর বাড়ি গেলে ওই নির্যাতন চালানোর ঘটনা ঘটে। তবে শফিকুল ওই দিন কোথায় ছিলেন, সে ব্যাপারে জানাতে সেনাবাহিনীর কাছে অনুরোধ করা হয়েছে।
এদিকে ববিতাকে মারধরের ঘটনায় তাঁর মা খাদিজা বেগম লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই মামলা করেন। মামলায় শফিকুল, তাঁর বড় ভাই হাসান শেখ, বাবা ছালাম শেখ, মা জিরিন আক্তার, চাচা কালাম শেখ ও মাতব্বর আজিজুরকে আসামি করা হয়েছে। পরে পুলিশ মারধরে জড়িত থাকার অভিযোগে কালাম শেখকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ‘তারা (বাদীপক্ষ) প্রথমে মামলা দিতে চায়নি। অনেক বলে-কয়ে মামলা করাতে রাজি করিয়েছি। অন্য আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলেছে।’