গাছের সঙ্গে বেঁধে নারীকে নির্যাতন, গ্রেপ্তার ১
গাছের সঙ্গে বেঁধে এক শ্রমজীবী নারীকে দিনভর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বুঝতলা গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। বিরোধপূর্ণ একটি জমি দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার বুঝতলা গ্রামে গেলে সামাদ সরদারের স্ত্রী সাঈদা খাতুন জানান, সংসারে অভাব-অনটন থাকায় তাঁর স্বামী ও বড় ছেলে ঢাকায় রিকশা চালান। অন্য দুই ছেলে কলারোয়া বাজারে একটি হোটেলে কাজ করেন। বাড়িতে তিনি একা থাকেন। তিনি নিজেও অন্যের জমিতে কৃষিশ্রমিকের কাজ করেন। বুধবার সকালে তিনি নিজ বাড়ির সীমানা ঠিক করছিলেন। এ সময় প্রতিবেশী সাবিরুল সরদার এতে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সাবিরুল সরদারসহ সাত-আটজন তাঁকে মারপিট ও তাঁর বাড়িঘর ভাঙচুর করেন। পরে থানায় অভিযোগ দেওয়ার জন্য তিনি বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে সাবিরুল সরদার তাঁকে ধরে নিজ বাড়িতে নিয়ে যান। এরপর বাড়ির সামনে নারকেলগাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করেন। দিনভর এ অবস্থায় রাখার পর প্রতিবেশীরা স্থানীয় সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।
সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাঈদা খাতুনের সামান্য জমিটুকু দখল করার জন্য তাঁর প্রতিবেশী সৌদ সরদারের ছেলে সাবিরুল সরদার দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছেন। তারই জের ধরে সাঈদাকে গাছে বেঁধে মারপিট করা হয়েছে।
সাবিরুলের মা ঝর্ণা খাতুন ও চাচি আলেয়া খাতুন জানান, বিরোধপূর্ণ জমির সীমানায় সাঈদা খাতুন বেড়া দিচ্ছিলেন। তাঁরা নিষেধ করার পরও না শোনায় তাঁকে ধরে এনে বেঁধে রাখা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে উপপরিদর্শক পিন্টু লাল দাসকে পাঠান। তিনি নির্যাতিত নারীকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। এ ঘটনায় সাঈদা খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার কলারোয়া থানায় আটজনকে আসামি করে মামলা করেছেন। মামলার প্রধান আসামি সাবিরুল সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ওই দিনই কারাগারে পাঠানো হয়েছে।