গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া রাজবাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাছ চুরির অভিযোগে শফি আহম্মেদ (৩৬) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে রেখে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে নাটোর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্র জানায়, সোমবার রাতে দিঘাপতিয়া রাজবাড়ির কৃষ্ণজি মন্দিরের পুকুরের মাছ চুরি হয়। ওই মাছ চুরির ঘটনা নিয়ে গতকাল সন্ধ্যায় স্থানীয় বালিকা শিশুসদনের সামনে সালিস বৈঠক বসে। সালিসে স্থানীয় গুচ্ছগ্রামের (মাছপাড়া) কড়ি প্রামাণিকের ছেলে শফি আহমেদের বিরুদ্ধে ওই মাছ চুরির অভিযোগ ওঠে। কিন্তু তিনি এ অভিযোগ অস্বীকার করলে সালিসে উপস্থিত মৎস্য চাষি সমিতির সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা শফিকে গাছের সঙ্গে বেঁধে বেদম মারধর করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি সেখানে মারা যান।
সালিসে নাটোর পৌরসভার কাউন্সিলর মোশতাক আহমেদ, মাছচাষি নুরু আহমেদ, মাসুম বিশ্বাস, মান্নান আলী, মখলেসুর রহমান ও দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। হাসপাতাল থেকে শফি আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই সালিসে উপস্থিত থাকা ওই লোকজন গা ঢাকা দিয়েছেন। তবে ইউপি সদস্য মকবুল হোসেন মুঠোফোনে শুধু শফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কারা, কীভাবে তাঁকে মেরেছেন, তা তিনি জানেন না বলে দাবি করেন।
নাটোর থানার ওসি ফরিদুল ইসলাম খান বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে শফির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।