গাজীপুর ও আখাউড়ায় দুই তরুণ খুন
গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকায় রফিকুল ইসলাম (২৫) নামের এক তরুণ খুন হয়েছেন। গতকাল সোমবার একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এদিকে গত রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে উজ্জ্বল চন্দ্র দাস (২৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রফিকুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিউর গ্রামের জলিল মণ্ডলের ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকার ব্যবসায়ী জহিরুল হকের খামারবাড়ির তত্ত্বাবধায়ক ছিলেন।
জয়দেবপুর থানার এসআই শহিদুল ইসলাম বলেন, নিহতের মুখমণ্ডল ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে আখাউড়ার খরখার ইউনিয়নের তন্তর গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকা ঝালমুড়ি বিক্রেতা উজ্জ্বল চন্দ্র দাসের লাশ কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে তন্তর কবরস্থান এলাকা থেকে রোববার রাতে উদ্ধার করা হয়েছে। তিনি গত শুক্রবার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।