গাজীপুর ও নরসিংদীতে গৃহবধূসহ তিনজন খুন
গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াবহ এলাকা থেকে গতকাল শুক্রবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে নরসিংদীর পলাশ উপজেলায় এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়া বুধবার গাজীপুরে এক তরুণ খুন হন।
নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজারের উত্তর খাইলকুর এলাকার মৃত দুলাল মিয়ার মেয়ে শারমিন আক্তার (২৫), দক্ষিণ খাইলকুরের মো. রাজীব হোসেন (৩০) ও নরসিংদীর পলাশের গালিমপুর গ্রামের শামসুল হকের ছেলে জহিরুল ইসলাম (৩২)।
পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে আবদুর রহিমের সঙ্গে শারমিন আক্তারের বিয়ে হয়। তাঁদের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে রহিম যৌতুকের জন্য শারমিনকে প্রায়ই মারধর করতেন। গতকাল দুপুরে রহিম তাঁকে বেধড়ক মারধর করেন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বেলা একটার দিকে বাড়ির উঠান থেকে শারমিনের লাশ উদ্ধার করা হয়। লাশের গলায় কালচে দাগসহ হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন বলেন, বাড়িতে গেলে রহিমের পরিবারের সদস্যরা বলেন, মারধরের কারণে অভিমান করে শারমিন আত্মহত্যা করেছেন। গলায় দড়ি বাঁধা অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে শারমিনকে ঝুলতে দেখেন তাঁরা। পরে নিচে নামিয়ে তাঁরা দেখেন শারমিনের মৃত্যু হয়েছে।
এসআই সুজায়েত হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত শারমিনের স্বামী আবদুর রহিম, শ্বশুর মো. ইব্রাহীম ও শাশুড়ি তাছলিমা বেগমকে আটক করা হয়েছে।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে বাবা খলিলুর রহমানের সঙ্গে ছেলে রাজীবের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে খলিলুর ধারালো ছুরি দিয়ে রাজীবের বুকে আঘাত করেন। পরে স্বজনেরা রাজীবকে উদ্ধার করে গাজীপুরের বোর্ডবাজারের তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত ১০টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান বলেন, ঘটনার পর থেকে খলিলুর রহমান পলাতক। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে।
পলাশে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন জহিরুল। পথে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একপর্যায়ে আশপাশের লোকজন লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।
পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে জহিরুলের লাশ হস্তান্তর করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহত ব্যক্তির পরিবার। ছয় বছর আগে জহিরুলের বাবাকেও একইভাবে হত্যা করা হয়।