গাজীপুর ও নারায়ণগঞ্জে দুটি লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ডোবা থেকে এক পুরুষ ও নারায়ণগঞ্জ সদর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার লাশ দুটি উদ্ধার করা হয়।
গাজীপুরে উদ্ধার হওয়া লাশটি আজিজুল হক (৫০) নামের এক ব্যক্তির। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার ইছবপুর এলাকার তাহের আলীর ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ দিঘীরপাড়া এলাকার মান্নান মন্ডলের বাড়ির তত্ত্বাবধায়ক ছিলেন। সাত দিন নিখোঁজ থাকার পর গতকাল ওই বাড়ির পাশের একটি ডোবা থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও আজিজুলের পারিবারিক সূত্রে জানা যায়, মান্নান মন্ডলের বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন আজিজুল। ৮ মার্চ থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর সন্ধান পায়নি। গতকাল বিকেলে বাড়ির পাশে একটি মাঠে অন্য শিশুদের সঙ্গে আজিজুলের ছেলে শহিদুল (১০) ক্রিকেট খেলছিল। এ সময় তাদের বলটি পাশের ডোবায় গিয়ে পড়ে। শহিদুল বলটি ওঠাতে গিয়ে ডোবায় বাবার লাশ দেখে চিৎকার করে ওঠে। পরে আশপাশের লোকজন এসে লাশটি ডোবা থেকে তোলে। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় গিয়ে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজাউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের গলায়, চোখে, হাতের কনুইয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর আজিজুলের লাশ ওই ডোবায় ফেলে রাখে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক শফিউল আলম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই আজিজুলের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গতকাল দুপুরে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩২) লাশ ভাসতে দেখেন নদীতীরের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, লাশটি দুই থেকে তিন দিন আগের বলে ধারণা করা হচ্ছে।