গাজীপুর ও মানিকগঞ্জে চারজন খুন
গাজীপুরে গতকাল শনিবার আনোয়ারা বেগম নামে এক নারী খুন হয়েছেন। এ ছাড়া আগের রাতে গিয়াস উদ্দিন খান (৬০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ফিরোজা আক্তার নামে এক নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার পূর্ব কাঁচারস এলাকার আনোয়ারা বেগমের (৭০) ছেলে শাহজাহান মিয়া ওরফে সাজু গতকাল বিকেলে দা নিয়ে বাড়ির পাশের ঝাড় থেকে বাঁশ কাটতে যান। এ সময় সাজুকে বাঁশ কাটতে নিষেধ করেন আনোয়ারা। এ নিয়ে মা ও ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সাজু দা দিয়ে আনোয়ারার গলায় কোপ দেন। ঘটনাস্থলেই আনোয়ারা নিহত হন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালিব মিয়া বলেন, সাজুকে আটক করার চেষ্টা চলছে।
ব্যাংক কর্মকর্তা গিয়াস উদ্দিন স্ত্রী-সন্তান নিয়ে শহরের বরুদা এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি সোনালী ব্যাংকের রাজেন্দ্রপুর শাখার মুখ্য কর্মকর্তা ছিলেন। তিনি এক মাস ধরে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে ছিলেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর ছোট ভাই ইসলামী ব্যাংকের কর্মকর্তা মহিউদ্দিন খান খবর পান গিয়াস উদ্দিন গুরুতর অসুস্থ। তাঁকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে তিনি তাঁর ভাইয়ের লাশ দেখতে পান।
হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার বলেন, গিয়াস উদ্দিনকে মৃত অবস্থায় আনা হয়েছিল।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, গিয়াস উদ্দিনের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী, সন্তানসহ তিনজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে, শ্রীপুর পৌরসভার কেওয়া দক্ষিণ খণ্ড এলাকার একটি খাল থেকে গতকাল সকালে অজ্ঞাতনামা এক নারীর (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পা দুটি বাঁধা ছিল। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাঁকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে। বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মানিকগঞ্জ: গত ২৬ ফেব্রুয়ারি টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরের মিরাজ উদ্দিনের সঙ্গে রামচন্দ্রপুর গ্রামের ফিরোজা বেগমের বিয়ে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে প্রায় এক সপ্তাহ আগে ফিরোজা রাগ করে বাবার বাড়ি চলে যান। শুক্রবার বিকেলে মিরাজ শ্বশুরবাড়িতে যান। রাতে স্বামী-স্ত্রী খাবার খেয়ে ঘুমাতে যান। কিন্তু রাত একটার দিকে মিরাজ তাঁর শ্বশুরকে ডেকে বলেন, প্রাকৃতিক ডাকের কথা বলে ফিরোজা ঘর থেকে বেরিয়ে যান। এক ঘণ্টা পার হলেও তিনি আর ফিরে আসেননি। এরপর বাড়ির লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে বাড়ির পাশে একটি ডোবায় ফিরোজার লাশ পড়ে থাকতে দেখেন। গতকাল সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে ফিরোজার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় ও মিরাজকে আটক করে।
ঝুলন্ত লাশ উদ্ধার: সিঙ্গাইর উপজেলায় শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, উপজেলার গ্যারাদিয়া গ্রামের শফিকুল বাড়ির পাশের একটি গাছের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। সিঙ্গাইর থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।