নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা বাজার থেকে গতকাল সোমবার সন্ধ্যায় মো. উদয় হোসেন ওরফে তূর্য (৯) নামের একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। গত রোববার সকালে গাজীপুরের জয়দেবপুর থেকে অপহরণের শিকার হয় সে। এ ঘটনায় আটক হয়েছে সন্দেহভাজন দুই অপহরণকারী।
উদয়ের বাড়ি জয়দেবপুরের মোগরখাল গ্রামে। বাবার নাম লুৎফুল হোসেন। আটক দুজন হলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কালিকাপুর গ্রামের মো. আজগর আলীর ছেলে সাদ্দাম হোসেন (২১) ও মৃত মফিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুরের মোগরখাল এলাকায় লুৎফুল হোসেনের পাশের বাড়িতে ভাড়া থাকতেন সাদ্দাম ও রফিকুল। দীর্ঘদিন একসঙ্গে থাকার মাধ্যমে তাঁরা লুৎফুলের পরিবারের সঙ্গে সখ্য গড়ে তোলেন। রোববার সকালে শিশু উদয়কে একটি পোষা ময়না পাখি কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে আসেন। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। সাদ্দাম ও রফিকুলও আর ভাড়াবাড়িতে ফিরে যাননি। এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ দেয় শিশুটির পরিবার। এদিকে সাদ্দাম ও রফিকুল শিশুটিকে নিয়ে গতকাল বিকেলে কলমাকান্দার লেঙ্গুরা বাজারে আসেন। এ সময় তাঁদের কথাবার্তা ও চলাফেরায় এলাকাবাসীর সন্দেহ হয়। এলাকাবাসী ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে শিশু উদয়কে অপহরণ করে আনার কথা স্বীকার করেন। এরপর এলাকাবাসী তাঁদের স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়ার কাছে নিয়ে যান। সন্ধ্যায় পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
কলমাকান্দা থানার পরিদর্শক এ কে এম মিজানুর রহমান বলেন, অপহরণের শিকার শিশুটি ও সন্দেহভাজন অপহরণকারী হিসেবে আটক দুজনকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। শিশুটির পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।