গাজীপুর থেকে অপহৃত শিশু বগুড়ায় উদ্ধার
শিশু অপহরণ করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করাই ছিল এরশাদ আলী (৩০) ও তাঁর স্ত্রী আসমা বেগমের (৩৫) কাজ। মুক্তিপণ না পেলে তাঁরা ঠান্ডা মাথায় হত্যা করতেন অপহৃত শিশুকে। তবে মুক্তিপণ দেওয়ার সামর্থ্য আছে—এমন পরিবারকে খুঁজে বের করে তাঁরা ওই পরিবারের শিশুকে অপহরণ করতেন।
পরে এরশাদ ও আসমা ওই শিশুর পাশের বাসায় ভাড়া উঠতেন। প্রতিবেশী শিশুর সঙ্গে সখ্য গড়ে তুলতে বলা হতো নিজের শিশুসন্তানকে। সন্তানের সখ্যের সূত্র ধরে সুযোগবুঝে প্রতিবেশী শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়া হতো নির্জন স্থানে। পরে তাঁরা মুঠোফোনে চাইতেন মুক্তিপণ।
গাজীপুরের আশুলিয়ার জিরাবো-কুলডনবাগ এলাকা থেকে শিশু নাঈমকে (৪) অপহরণ করে বগুড়ায় এনে মুক্তিপণ আদায় করতে গিয়ে র্যাবের হাতে ধরা পড়ার পর গত শুক্রবার এমনই স্বীকারোক্তি দেন এরশাদ ও আসমা। এরশাদ বগুড়ার সারিয়াকান্দির উত্তর টেংরাকুড়া গ্রামের শাহজামালের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-১২-এর বগুড়ার স্পেশাল কোম্পানির সদস্যরা শুক্রবার রাত ১০টার দিকে বগুড়া সদরের সাতশিমুলিয়া গ্রাম থেকে এরশাদ ও আসমাকে আটক করেন। এ সময় উদ্ধার করা হয় নাঈমকে। নাঈম আশুলিয়ার জিরাবো এলাকার পোশাকশ্রমিক শফিকুল ইসলাম ও পারভীন আকতার দম্পতির একমাত্র সন্তান। গত সোমবার দুপুরে নাঈমকে অপহরণ করা হয়। পরদিন তার বাবা-মায়ের কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। ছেলেকে ফিরে পেতে শফিকুল মুক্তিপণের টাকা নিয়ে দর-কষাকষি করতে থাকেন। পরে নাঈমের পরিবার বিষয়টি নিয়ে আশুলিয়া মডেল থানায় জিডি করে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, নাঈমের বাবাকে অপহরণকারী দলের সঙ্গে মুক্তিপণ নিয়ে দর-কষাকষি চালিয়ে যেতে বলা হয়। একপর্যায়ে শুক্রবার মুঠোফোনে বিকাশের মাধ্যমে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মুঠোফোনে প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় অপহরণকারীরা বগুড়ার মহাস্থানগড় এলাকায় অবস্থান করছে। র্যাবের আলাদা দুটি দল মহাস্থানগড় ও সাতশিমুলিয়া গ্রামে অভিযান চালায়। আটক করা হয় এরশাদ ও আসমাকে। উদ্ধার করা হয় নাঈমকে।