গাজীপুর থেকে ব্যবসায়ী ও সালথার স্কুলছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াজুল ও  মিন্টু শেখ
রিয়াজুল ও মিন্টু শেখ

পঞ্চগড় শহরের মসজিদপাড়া এলাকার কাঁচামাল ব্যবসায়ী রিয়াজুল ইসলাম ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে ফরিদপুরের সালথা উপজেলা সদরের সালথা মডেল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মিন্টু শেখ।
পরিবার সূত্রে জানা গেছে, ছয় বছর ধরে রিয়াজুল (৩০) স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গাজীপুর জেলার চন্দ্রারবারইপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন। সেখানে তিনি কাঁচামালের ব্যবসা করতেন। ১৪ সেপ্টেম্বর রাতে একই এলাকার ব্যবসায়িক অংশীদার মো. জামিল রিয়াজুলকে বাসা থেকে ডেকে নিয়ে যান। গভীর রাত পর্যন্ত বাসায় না ফেরায় স্ত্রী নেহার রিয়াজুলের মুঠোফোনে ফোন করে সেটি বন্ধ পান। পরে জামিলের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
রিয়াজুলের স্ত্রী বলেন, ‘মুক্তিপণের কথা শুনে আমি পঞ্চগড়ে শ্বশুরবাড়ি চলে আসি। টাকা সংগ্রহ করে চন্দ্রায় ফিরে জামিলের মুঠোফোনে যোগাযোগ করে তা বন্ধ পাই।’ এ ঘটনায় পঞ্চগড় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম বলেন, ‘ঘটনা যেহেতু চন্দ্রায়,জিডি হওয়ার পর আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করি।’
ফরিদপুরের সালথা উপজেলার সালথা মডেল উচ্চবিদ্যালয়ের ছাত্র মিন্টু শেখ (১৪) ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার ভাওয়াল ইউনিয়নের মিরাকান্দা গ্রামের বাসিন্দা কৃষক নুরুল ইসলামের ছেলে।

নুরুল ইসলাম জানান, গত বুধবার সকাল ১০টার দিকে মিন্টু বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।