গাজীপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থ আত্মসাতের একটি মামলায় আজ মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সামছুল আলম।

মো. সামছুল আলম বলেন, গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র এম এ মান্নান ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া যোগসাজশ করে ত্রাণ ও দরিদ্র তহবিলের ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ব্যাপারে জয়দেবপুর থানায় চলতি বছরের ১৩ জুন মামলা করা হয়। মামলায় এই দুজনকে আসামি করা হয়েছে। আজ সকাল সাড়ে নয়টার দিকে সিটি করপোরেশনের সামনের রাস্তা থেকে গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আর আগে থেকে কারাবন্দী থাকা এম এ মান্নানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, গ্রেপ্তার গোলাম কিবরিয়াকে দুপুরে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাহমিনা খানম শিল্পীর আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।