গাজীপুরে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় পরিত্যক্ত একটি ভবনের ছাদ থেকে আজ বুধবার সকালে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ১৮ বছর।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় জামিলা বেগম নামের এক নারীর পাঁচতলা ভবনের নির্মাণকাজ চলছে। ফলে কিছুটা অরক্ষিতভাবে রয়েছে ভবনটি। আজ সকালে কয়েকজন ব্যক্তি ছাদে উঠলে একজনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ওই তরুণের পরনে ছাই রঙের প্যান্ট ও সবুজ-নীল মিশ্রিত রঙের টি-শার্ট রয়েছে।

পুলিশ জানায়, নিহত তরুণের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর দুই হাত নীল হয়ে গেছে। তাঁর শরীরে বিষের গন্ধ পাওয়ায় তিনি বিষ পান করে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হাশেম জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।