গাজীপুরে অপহৃত আইনজীবী দুই ঘণ্টা পর উদ্ধার
গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে গত শুক্রবার রাতে রুস্তম আলী নামের এক আইনজীবী অপহৃত হন। দুই ঘণ্টা পর তাঁকে উদ্ধার করে র্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই রাতেই মো. নাছির উদ্দিন (২৮) নামের এক যুবককে আটক করে র্যাব।
র্যাব-১ সূত্রে জানা গেছে, মাছের খামার নিয়ে গাজীপুরের মজলিশপুর ইটাহাটা এলাকার বাসিন্দা আইনজীবী রুস্তমের সঙ্গে তাঁর চাচাতো আফজাল হোসেনদের বিরোধ চলছিল। এর জের ধরে গত শুক্রবার সকালে তাঁদের মধ্যে ঝগড়া হয়। পরে শুক্রবার রাত আটটার দিকে নাছির ও প্রতিপক্ষের লোকজন চান্দনা চৌরাস্তা এলাকার রহমান শপিং মলে রুস্তমের চেম্বার থেকে তাঁকে অস্ত্রের মুখে তুলে নেন। পরে রুস্তমকে উত্তর আউচপাড়া এলাকায় নীলগিরি সুপার মার্কেটে একটি কার্যালয়ে আটকে রেখে মারধর করা হয়। খবর পেয়ে র্যাব-১-এর সদস্যরা তাঁকে সেখান থেকে রাত ১০টার দিকে উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দিন রাতেই আউচপাড়া এলাকার মো. নাছির উদ্দিনকে আটক করে র্যাব। এ ঘটনাকে অন্যদিকে মোড় দিতে প্রতিপক্ষ স্থানীয় একটি কার্যালয়ও ভাঙচুর করে। এ সময় তারা সেখানে থাকা আসবাব তছনছ এবং কার্যালয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনকের ছবি ভাঙচুর করেন। পরে প্রতিপক্ষের লোকজন প্রচার চালায়, জামায়াত-শিবিরের কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত।
এ ব্যাপারে কথা বলতে আফজাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার (উপ-অধিনায়ক) মোহাম্মদ শোয়াইব প্রথম আলোকে জানান, ওই ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, এ ঘটনায় নাছির উদ্দিন নামের এক যুবককে আটক করেছেন র্যাব সদস্যরা।