গাজীপুরে অপহৃত শিশু নেত্রকোনায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের অপহৃত শিশু উদয় হোসেনকে (৯) নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে আজ সোমবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। সে গাজীপুরের জয়দেবপুর উপজেলার মোগরখাল গ্রামের লুৎফুল হোসেনের ছেলে। এ সময় স্থানীয় লোকজন দুই অপহরণকারীকে আটক করে পুলিশে দেয়।

আটক হওয়া ওই দুই ব্যক্তি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কালিকাপুর গ্রামের সাদ্দাম হোসেন (২১) ও একই গ্রামের রফিকুল ইসলাম (২২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুরের মোগরখাল এলাকায় লুৎফুল হোসেনের পাশের বাড়িতে ওই দুই অপহরণকারী ভাড়া থাকতেন। দীর্ঘদিন একসঙ্গে থেকে তাঁদের মধ্যে সখ্য গড়ে ওঠে। গতকাল রোববার সকালে শিশু উদয়কে একটি পোষা পাখি (ময়না) কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে আসে। পরে তাকে অপহরণ করে আজ বিকেলে কলমাকান্দার লেঙ্গুরা বাজারে নিয়ে আসে। এদিকে শিশুটিকে না পেয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দেয় পরিবার।

কলমাকান্দায় ওই দুই যুবকের কথাবার্তা ও চলাফেরায় সন্দেহ হলে এলাকাবাসী তাঁদের আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়ার কাছে নিয়ে যান। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ তাঁদের থানায় নিয়ে যায় এবং শিশুটির মা-বাবাকে খবর পাঠায়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত এ কে এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃত শিশু ও অপহরণের অভিযোগে আটক দুই যুবক পুলিশের হেফাজতে আছে। শিশুটির পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।