গাজীপুরে দুই 'জঙ্গি' নিহত, অভিযান চলছে

গাজীপুরের হারিনাল এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হয়েছে। নিহত দুজনের মধ্যে একজন নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার বলে র্যাবের দাবি। অভিযান এখনো চলছে।
আজ শনিবার সকাল থেকে হারিনালের পশ্চিমপাড়া ও পাতারটেকের দুটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহত সন্দেহভাজন দুই জঙ্গি পশ্চিমপাড়ার একটি বাড়িতে ছিল।

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, হারিনালের পশ্চিমপাড়ায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে র্যাবের অভিযান চলাকালে দুই ‘জঙ্গি’ নিহত হয়েছে। ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের কোনো তথ্য নেই।
র্যাব-১-এর গাজীপুর অঞ্চলের কমান্ডার মহিউল ইসলাম বলেন, নিহত দুজনের মধ্যে একজনের নাম আকাশ। আনুমানিক বয়স ২০ বছর। তিনি নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার।
র্যাব-১-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া বলেন, হারিনাল এলাকায় পশ্চিমপাড়ার অভিযানের সময় গুলিতে দুজন নিহত হয়েছে।

আজ সকাল থেকে হারিনাল এলাকার পশ্চিমপাড়া ও পাতারটেকের দুটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সকালে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, আজ শনিবার ভোররাত থেকে পশ্চিমপাড়ায় আতাউর রহমানের বাড়িতে র্যাব অভিযান চালাচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত কমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডারসহ কয়েকজন ওই বাড়িতে রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হচ্ছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। নব্য জেএমবির ঢাকা বিভাগীয় ওই কমান্ডারের সাংগঠনিক নাম আকাশ বলে তিনি জানিয়েছেন।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন বলেন, সকাল সাড়ে ১০টা থেকে হারিনাল পাতারটেক এলাকায় ওসমান আলী নামের এক ব্যক্তির দ্বিতীয় তলার একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। তাঁরাও বাড়িটি ঘিরে রেখেছেন।
আরও পড়ুন :