গাজীপুরে অরক্ষিত অবকাশ কেন্দ্রে ডাকাতি, আহত ১২
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় শালবনের ভেতরে একটি অরক্ষিত অবকাশ যাপন কেন্দ্রে ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রাজেন্দ্র ইকো রিসোর্ট অ্যান্ড ভিলেজে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্তত ১২ জন অতিথি আহত হয়েছেন।
রিসোর্ট কর্তৃপক্ষ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, তাঁরা গত বৃহস্পতিবার সন্ধ্যায় অবকাশ যাপনের জন্য ওই রিসোর্টে যান। রাত আড়াইটার দিকে ৪০-৫০ জনের ডাকাত দল বিভিন্ন কটেজে হানা দেয়। ডাকাতেরা কটেজের অতিথিদের হাত-পা বেঁধে ও মারধর করে নগদ টাকা ও কয়েকটি মুঠোফোন লুট করে নিয়ে যায়। ডাকাতের হামলায় বিআরটিএ উত্তরার উপপরিচালক মো. আশরাফুজ্জামান, গাজীপুরের ইন্সপেক্টর ওয়াজেদ হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এইচ এম তায়েহীদ জামাল, রিসোর্টের কর্মী ইসমাইল হোসেনসহ অন্তত ১২ জন আহত হন।
রিসোর্টের কর্মকর্তা মো. সাইয়েম বলেন, চারদিকে সীমানাপ্রাচীর নেই। এ জন্য ডাকাত সদস্যরা সহজে ভেতরে প্রবেশ করতে পেরেছে।