গাজীপুরে আইনজীবী খুনের ঘটনায় একজন আটক
গাজীপুরে আইনজীবী খন্দকার এনামুল হকের (৪২) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবকের নাম মাহবুর হাসান (২২)। তিনি নরসিংদীর সদর উপজেলার সাহেবপ্রতাব এলাকার মাসুদুর রহমানের ছেলে।
জেলার উত্তর ছায়াবীথি এলাকায় গত শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ছুরিকাঘাতে ও রড দিয়ে পিটিয়ে আইনজীবী খন্দকার এনামুলকে খুন করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুর গতকাল সকাল আটটার দিকে হেঁটে জয়দেবপুর থেকে শ্রীপুরের ইজ্জতপুর এলাকায় পৌঁছান। এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্ত লেগে থাকায় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে মাহবুরকে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে মাহবুরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাহবুর পুলিশকে বলেন, দীর্ঘদিন ধরে আইনজীবী খন্দকার এনামুল তাঁর মাকে উত্ত্যক্ত করছিলেন। এ কারণে তিনি তাঁকে খুন করেছেন। মাহবুর সপরিবারে গাজীপুরের ভোড়দা এলাকায় বসবাস করেন।