গাজীপুর শহরের উত্তর ছায়াবীথি এলাকায় গতকাল শনিবার কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে এক শিক্ষানবিশ আইনজীবীকে খুন করেছে সন্ত্রাসীরা। একই দিন সদর উপজেলার পিরুজালী এলাকা থেকে অজ্ঞাতনামা এক তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আইনজীবী হলেন উত্তর ছায়াবীথি এলাকার খন্দকার এনামুল হক ওরফে বিপ্লব (৪২)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, এনামুল গতকাল বিকেলে নিজ বাসার সামনে আসেন। এ সময় ওত পেতে থাকা রাব্বী ও রবিন তাঁকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাঁরা এনামুলকে এলোপাতাড়ি কোপান ও মাথায় রড দিয়ে আঘাত করে পালিয়ে যান। চিৎকার শুনে আশপাশের লোকজন এনামুলকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এনামুলের মা রেহানা আক্তার অভিযোগ করেন, গাজীপুর জজকোর্টের সেরেস্তাদার মাসুদুর রহমানের দুই ছেলে রাব্বী ও রবিন তাঁর ছেলেকে হত্যা করেছেন। এ ব্যাপারে কথা বলতে মাসুদুর রহমানের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর সদরের পিরুজালীর হাটখোলা এলাকার এক জঙ্গলে বস্তা পড়ে থাকতে দেখেন লোকজন। বস্তা খুলে এক তরুণীর (২৫) লাশ দেখে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা গত শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশটি ওই স্থানে ফেলে চলে যায়। লাশের পরনে ছিল লাল সালোয়ার ও কামিজ।
জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।